ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ করে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
কিন্তু খেলা শেষের বাঁশি বাজার পর উৎসবে মেতে ওঠার বদলে কান্নায় ভেঙে পড়েন তিনি। কেপ ভার্দের এই বিশ্বকাপ নায়কের মা গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি, কারণ যুক্তরাষ্ট্রের ভিসার চড়া মূল্য দেওয়ার সামর্থ্য তার ছিল না।
এই গোলরক্ষক ম্যাচটিকে তার 'সারা জীবনের' সাধনার ফল হিসেবে বর্ণনা করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, জীবনের এই বিশেষ মুহূর্তটি যদি তার প্রয়াত দাদা-দাদী এবং মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারতেন!
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সরকার কেপ ভার্দেকে এমন এক তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে সে দেশের নাগরিকদের ভিসার আবেদনের জন্য ভিসা ফি ছাড়াও অতিরিক্ত ১৫ হাজার ডলার ফেরতযোগ্য জামানত দিতে হয়। এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করতে না পারায় ভোজিনহার মা তার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
গত ১৩ বছর ধরে কেপ ভার্দে জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা ভোজিনহা ম্যাচ শেষে নিজের আবেগ সামলাতে না পেরে ভোজিনহা, 'আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আজ এখানে নেই; কয়েক বছর আগে তারা মারা গেছেন। তারা আমার জীবনের সবকিছু ছিলেন।'
তিনি বলেন, 'আমি আরও কেঁদেছিলাম কারণ ভিসার সমস্যার কারণে আমার মা এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে পরিমাণ অর্থ দাবি করা হয়েছে, তা আমরা সময়মতো জোগাড় করতে পারিনি। আমি চেয়েছিলাম তিনি আজ পাশে থাকুন, তবে দলের এই সাফল্যে আমি অনেক খুশি।'
তিনি আরও বলেন, 'এই দিনটির জন্য আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেছি। আমার বয়স এখন ৪০। ২০১২ সালে ২৫ বছর বয়সে আমি পেশাদার ফুটবল খেলা শুরু করি। মাঝে অনেকবার খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু শুধু এই স্বপ্নটির জন্য আমি দমে যাইনি। এই অর্জন সবার জন্য। আমি ম্যাচ সেরা হয়েছি ঠিকই, কিন্তু এটি আমার সকল সতীর্থের কৃতিত্ব। তাদের ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। আমি আমার দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করে যাব।'
পুরো ম্যাচে প্রত্যাশিতভাবেই স্পেনের দখলেই বল ছিল বেশি, তবে কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে তারা হিমশিম খেয়েছে। ইউরো চ্যাম্পিয়নদের সবথেকে বড় সুযোগটি এসেছিল ফেরান তোরেসের পা থেকে, তবে তার শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। এছাড়া লক্ষ্যে থাকা বাকি সব আক্রমণই দৃঢ়তার সঙ্গে রুখে দিয়েছেন ভোজিনহা।
ম্যাচ শেষে ভোজিনহা বলেন, 'আমাদের সবথেকে বড় হাতিয়ার হলো ঐক্য। পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও যত্নই আমাদের শক্তির মূল উৎস। সবাই ভেবেছিল আমরা এখানে কেবল বিশ্বকাপ উপভোগ করতে এসেছি, কিন্তু আমরা জানি আমাদের এমন একটি দল আছে যারা সম্মানের যোগ্য।'
তিনি বলেন, 'এটি আমাদের প্রথম বিশ্বকাপ, তবে আমরা এখানে আমাদের দেশের হয়ে লড়াই করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আমরা প্রতিটি ম্যাচেই আমাদের নিজস্ব পরিকল্পনা ও কোচের কৌশল অনুযায়ী খেলব। আমরা সামনের ম্যাচগুলোতে আজকের চেয়েও ভালো করার চেষ্টা করব।'
ভোজিনহা আরও বলেন, 'আশা করছি আমরা কিছু জয় পাব এবং কে জানে, হয়তো পরবর্তী রাউন্ডেও পৌঁছে যেতে পারি। আমি আমাদের দলের সকল খেলোয়াড়কে নিয়ে অত্যন্ত খুশি এবং গর্বিত।'
কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, 'ভোজিনহা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছে। এখানে পৌঁছাতে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার এই চোখের জল ছিল আসলে প্রতিকূলতা জয়ের আনন্দ। আমি ব্যক্তিগত কাউকে নিয়ে আলাদা করে বলতে পছন্দ করি না, তবে ও আজ দুর্দান্ত খেলেছে। পুরো দল আজ খুব শান্ত ছিল, যা তাকেও গোলপোস্টের নিচে আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করেছে।'
তিনি আরও বলেন, 'এই অর্জনের গুরুত্ব আমাদের দেশের জন্য অনেক বেশি। আমরা সবসময় চেয়েছি, পুরো বিশ্ব দেখুক আমাদের দল কেমন ফুটবল খেলে। আমরা আজ সাহস দেখিয়েছি এবং যেভাবে খেলেছি তা আমাদের দেশেরই প্রতিচ্ছবি—অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সব বাধা জয় করে এগিয়ে চলা।'
