মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলা দেখতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (১১ মার্চ) খেলা শুরুর কিছু আগে তিনি স্টেডিয়ামে পৌঁছান।
জাইমা রহমান স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবি সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেনসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে মাঠের লড়াইয়ে টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। এছাড়া জাতীয় দলে ডাক পেয়েই আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। তবে ফর্মহীনতার কারণে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থেকে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। গত সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দলটি ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজে ছয়জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। আজকের ম্যাচে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।
