লন্ডনে ১৫০০ মাস্ক দিয়ে তৈরি বিয়ের গাউন পরলেন কনে
মহামারিতে মাস্ক, পিপিই'র মত কিটের ব্যবহার বেড়েছে বলে পাল্লা দিয়েছে কোভিড বর্জ্যও। ফেলে দেওয়া মাস্ক, পিপিই নিয়ে কী করা হবে, তা নিয়েও চিন্তা বাড়ছে। যদি কোনভাবে সেগুলোকে অন্য কোন কাজে ব্যবহার করা হয়, তাহলে নিশ্চয়ই মন্দ হয় না।
তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। তিনি আস্ত বিয়ের গাউন বানিয়ে ফেলেছেন ১৫০০ মাস্ক দিয়ে।
এছাড়া গাউনের ভেতরের দিকে তিনি ব্যবহার করেছেন প্লাস্টিক পিপিই কিট। অন্যরকম উপাদানে তৈরি এই গাউনের ছবি তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি।
'হিচড' নামক একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর সুযোগ পান ডিজাইনার টম সিলভারউড। সম্প্রতি লন্ডনে বিয়ের অনুষ্ঠানের উপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেখানেই কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন। ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।
সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ''ব্রিটেনে বিয়ের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজারখানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।''
- সূত্র- আনন্দবাজার পত্রিকা
