সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ৪ রেস্তোরাঁ ও বারে শুল্ক গোয়েন্দার অভিযান
অবৈধভাবে অ্যালকোহল মজুত ও রাজস্ব ফাঁকির অভিযোগে রাজধানীর চারটি রেস্তোরাঁ ও বারে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এরমধ্যে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের একটি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানিয়েছে এনবিআর
শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো— র ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
বর্তমানে এসব প্রতিষ্ঠানে রাখা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের প্রকৃত পরিমাণ, বৈধ উৎস, আমদানি ও ক্রয় সংক্রান্ত কাগজপত্র, নির্ধারিত শুল্ক, ভ্যাট ও কর পরিশোধের তথ্যসহ সার্বিক বৈধতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর সূত্র জানিয়েছে, অভিযান চালানো এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্তত একটির মালিক কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিআইআইডি এই অভিযানের বিস্তারিত তথ্য ও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
সাম্প্রতিক সময়ে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, তার পরবর্তী বিভিন্ন মন্তব্য কিংবা সরকারের নেওয়া কোনো পদক্ষেপের জের ধরে এই অভিযান চালানো হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে এনবিআর শুল্ক গোয়েন্দার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি টিবিএসকে বলেন, 'এটি এনবিআরের নিয়মিত ও চলমান তদারকি কার্যক্রমের একটি অংশ। এর বাইরে অন্য কোনো বিষয়ের সাথে এই অভিযানের কোনো সম্পর্ক নেই।'
