এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং দেশটির আন্তর্জাতিক আইন বিভাগের পরিচালককে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য মামলা করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম আইটোয়েন্টিফোরনিউজ-এর বরাত দিয়ে জানিয়েছে ফার্স্টপোস্ট।
কুর্দি সংখ্যালঘুদের সঙ্গে তুরস্কের সম্পর্ক এবং হামাসকে তুরস্কের কথিত আর্থিক সহায়তার অভিযোগকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে।
ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ উদ্যোগের কথা জানা গেল। এর আগে এরদোয়ান বলেছিলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রচেষ্টার বিষয়ে আঙ্কারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
তবে প্রস্তাবিত মামলাটি এখনও করা হয়নি।
ইসরায়েল বা তুরস্ক—কোনো দেশই আইসিসি প্রতিষ্ঠার চুক্তি রোম সংবিধিতে স্বাক্ষর করেনি। ফলে কোনো দেশের বিরুদ্ধেই আদালতটির সরাসরি এখতিয়ার নেই।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আইসিসিতে মামলাটি করার চেষ্টা করতে পারে।
আইটোয়েন্টিফোরনিউজ-কে সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল আশা করছে শেষ পর্যন্ত মামলাটি করার প্রয়োজন হবে না। এর পরিবর্তে এরদোয়ানের ওপর চাপ তৈরির এবং তাকে ভবিষ্যতে এমন পদক্ষেপ থেকে বিরত রাখার উপায় হিসেবে মামলার প্রস্তুতিকে কাজে লাগাতে চায় ইসরায়েল।
দেশটির ন্যায়বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদনটিতে উল্লেখিত মামলার বিষয়ে নেতানিয়াহু কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
