‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
রাজধানীর ইসিবি চত্বরের কাছে একটি আবাসন প্রকল্পে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি করেছেন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া। তাঁর অভিযোগ, জমি দখলের পরিকল্পনার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় গুলির শব্দও শোনা গেছে বলে জানা গেছে।
পাঁচ বিঘা জমির ওই আবাসন প্রকল্পে ১৭টি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন হওয়ায় সেখানে তুলনামূলক কম মানুষ বসবাস করেন। একটি ভবনের নিচতলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও রয়েছে। হামলাকারীরা ওই স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
হামলায় প্রকল্পের বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাজিম উদ্দিনের অভিযোগ, ভাসানটেকের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ও ভাড়াটে সশস্ত্র অপরাধীদের নিয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র এ হামলা চালিয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই আবাসন প্রকল্পের কাছে চাঁদা দাবি করে আসছিল চক্রটি। হামলার সময় তারা গুলিও ছোড়ে। প্রকল্পের পুরো এলাকায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি প্রায় ৫০ কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একটি কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ইসিবি চত্বর এলাকায় যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হামলায় প্রকল্পের প্রকৌশলী পারভেজ মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিমের ভাষ্য, কয়েকজন নির্মাণশ্রমিকও আহত হয়েছেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টার অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে এর আগে মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছিল।
লুটপাট-ভাঙচুরের শিকার সালমান মুক্তাদিরের স্টুডিও
হামলার সময় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ফেসবুকে দেওয়া এক ভিডিওতে এ বিষয়ে কথা বলেন তিনি।
স্টুডিওটির এক তত্ত্বাবধায়ক জানান, রাতের বেলায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল শাটার ভেঙে জোর করে ভবনে ঢোকে। তাদের অনেকের মুখে মাস্ক ছিল। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, তার কোনো কর্মী আহত হননি।
তিনি বলেন, আবাসন প্রকল্পটির বিভিন্ন অংশে হামলা চালানো হয়েছে। জমির মালিক চাঁদা দিতে রাজি না হওয়ায় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী এ হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে তার কাছে ব্যক্তিগতভাবে কেউ চাঁদা দাবি করেননি বলে জানান সালমান।
