গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী সন্দেহে আটক ৩০০
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে জাসদ কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে ৩০০ জনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ।
এর আগে, বিকেল সাড়ে পাঁচটায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) আকতার হোসেন টিবিএসকে বলেন, "সেখানে এখনো অভিযান চলছে। বিকেল ৫টা পর্যন্ত ৩০-৪০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।"
ওই কার্যালয়ের সামনে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় বলেও জানান তিনি।
এদিকে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। এ সময় বাইরে যুবদলের শত শত নেতাকর্মী অবস্থান করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, "এখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। তাহলে এটাকে কীভাবে জাসদের কার্যালয় বলতে পারি! এটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। যেখানেই আওয়ামী লীগের স্লোগান দেখব, সেখানেই যুবদল যাবে। ৪০০ থেকে ৫০০ লোক এ কার্যালয়ে আটকা অবস্থায় রয়েছে। কার্যালয়ের সামনে যুবদলের হাজার হাজার লোক আছে, তাদের শান্ত রেখেছি। কার্যালয়ে আটকে থাকা লোকজনকে প্রশাসনকে নিয়ে যেতে বলেছি।"
