জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মরত। জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।
যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিসংক্রান্ত খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান। আইনি পরামর্শের পাশাপাশি সমাজকল্যাণ ও শিক্ষা নিয়ে সমন্বিত কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
জাইমা রহমান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ইংল্যান্ড ও ওয়েলসের সনদপ্রাপ্ত ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।
পেশাগত জীবনে যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন বিষয়ক প্র্যাকটিসের পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জাইমা রহমান। এছাড়া সমাজকল্যাণ ও শিক্ষা আইন সম্পর্কিত বিষয়ে বিনামূল্যে আইনি সেবা (প্রো বোনো) দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
বাংলাদেশে তিনি আইন সংস্থা 'সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস'-এর সঙ্গে যুক্ত থেকে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং কর সংক্রান্ত জটিল বিষয়ে কাজ করেছেন।
পেশাগত কাজের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা দেশের অন্যতম সামাজিক উন্নয়ন সংস্থা 'সুরভি'র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
