মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
সৌদি আরব অভিযোগ করেছে, পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে ইয়েমেনের ইরানপন্থী হুথিরা। এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাজধানী সানায় সমাবেশ করেছেন লাখো ইয়েমেনি। দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এ সমাবেশে সৌদি সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার কৌশল অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, 'সশস্ত্র বাহিনীকে সমর্থন, অবরোধের জবাবে অবরোধ এবং মক্কাকে লক্ষ্যবস্তু করার মিথ্যাচার উন্মোচন' স্লোগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পবিত্র মক্কা নগরীর মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র এই শহরের সুরক্ষায় ইয়েমেনের জনগণ নিজেদের জীবন ও রক্ত দিতে প্রস্তুত। তারা উল্টো সৌদি কর্তৃপক্ষের সমালোচনা করে দাবি করেন, পবিত্র দুই মসজিদের দেশে অনৈতিক বিনোদন আমন্ত্রণ জানিয়ে সৌদি শাসকগোষ্ঠীই মূলত পবিত্র কাবা শরিফের অবমাননা করছে।
বিক্ষোভকারীরা জানান, সৌদি আরবের তোলা এই মিথ্যা দাবি কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করবে না। কারণ ইয়েমেনের জনগণ সবসময় ইসলাম এবং মক্কার পবিত্রতা রক্ষার লড়াইয়ে অগ্রভাগে ছিল। সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, 'আমরা মক্কার সুরক্ষায় রক্ত দিতে প্রস্তুত এবং এর প্রতিরক্ষায় বিন্দুমাত্র দ্বিধা করব না', এবং 'মক্কার পবিত্রতাকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
সমাবেশে 'ইয়েমেনি স্কলারস অ্যাসোসিয়েশন'-এর মহাসচিব শেখ তাহা আল-হাদারি একটি যৌথ বিবৃতি পাঠ করেন। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১২ বছর ধরে চলা আগ্রাসন ও অন্যায্য অবরোধের বিরুদ্ধে এবং নিজেদের ন্যায্য দাবির পক্ষে ইয়েমেনি জনগণ অবিচল থাকবে। পাশাপাশি মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদসহ মুসলিম বিশ্বের সব পবিত্র স্থানের নিরাপত্তা এবং ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
সমাবেশ থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সৌদি সামরিক পদক্ষেপের জবাবে 'অবরোধের জবাবে অবরোধ' এবং 'উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সৌদি আরবের অভিযোগকে একটি 'মারাত্মক অপরাধ ও ক্ষমার অযোগ্য মিথ্যাচার' বলে অভিহিত করে বিবৃতিতে বলা হয়, এটি ইয়েমেনি জনগণের ঐতিহাসিক পরিচিতিকে বিকৃত করার চক্রান্ত—যা রাসুলুল্লাহর (সা.) সেই বাণীর পরিপন্থী, যেখানে তিনি বলেছিলেন, 'ঈমান ইয়েমেনের এবং প্রজ্ঞা ইয়েমেনের।'
ইয়েমেনের নেতৃবৃন্দ ও সশস্ত্র বাহিনীকে এই অপপ্রচারের উপযুক্ত সময়ে যথাযথ উপায়ে জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া ফিলিস্তিন, লেবানন, ইরাক এবং ইরানের তথাকথিত 'প্রতিরোধ অক্ষ' (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর পাশে দাঁড়িয়ে ফিলিস্তিন মুক্তিকামী জনগণের পক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। পরিশেষে মুসলিম উম্মাহর পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় প্রকৃত সত্যের পক্ষে অবস্থান নিতে বিশ্বের সব সরকার ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।
