নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ
প্রতিযোগিতা ও দায়বদ্ধতার কারণেই এআই কোম্পানিগুলো নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট তৎপর থাকবে বলে মনে করেন মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
মঙ্গলবার দেওয়া এ মন্তব্যের মাধ্যমে এআই উন্নয়নের গতি সম্মিলিতভাবে কমানোর বিষয়ে কয়েকটি শীর্ষ এআই প্রতিষ্ঠানের নেতাদের আহ্বান থেকে তিনি ভিন্ন অবস্থান নিয়েছেন।
এআই প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সম্ভাব্য ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী ও মার্কিন কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্যের মধ্যেই জাকারবার্গ এ মন্তব্য করলেন।
প্রযুক্তি খাতের কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি সতর্ক করে বলেছেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে একপর্যায়ে কোম্পানিগুলোর জন্য তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে। তাদের কেউ কেউ এ প্রযুক্তিকে মানবজাতির অস্তিত্বের জন্য সম্ভাব্য হুমকি হিসেবেও দেখছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাকারবার্গ বলেন, প্রতিটি এআই প্রতিষ্ঠানেরই নিজেদের মডেল নিরাপদভাবে তৈরি করার দায়িত্ব রয়েছে। এ জন্য কত দ্রুত এগোতে হবে এবং কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নিতে হবে, সে সিদ্ধান্তও প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিতে পারে।
জাকারবার্গের এ মন্তব্যের তিন দিন আগে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই কোম্পানিগুলোকে তাদের মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমানোর আহ্বান জানান। কয়েকজন গবেষক এআইকে মানবজাতির অস্তিত্বের জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করার পর তিনি এ আহ্বান জানান।
আমোদেইর আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের ইলন মাস্ক প্রকাশ্যে এতে সমর্থন জানান।
এআই নিয়ন্ত্রণ ও উন্নয়নের গতি কমানোর আহ্বানে ট্রাম্প প্রশাসনের আপত্তি
তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন, এ প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা রয়েছে। এআইয়ের উন্নয়ন নিয়ে সন্দেহ তৈরি হলে চীন তা থেকে সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীও মনে করেন, এআইয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় মার্কিন কোম্পানিগুলো পিছিয়ে পড়তে পারে। তাদের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও রয়েছেন।
মঙ্গলবার জাকারবার্গ বলেন, "বিশ্বাসযোগ্যতা ও অ্যালাইনমেন্ট দ্রুতই এআই এজেন্ট ও মডেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠছে। যে প্রতিষ্ঠান অ্যালাইনমেন্টে গুরুত্ব দেবে না, তারা পিছিয়ে পড়বে।"
জাকারবার্গ আরও বলেন, এআই মডেলগুলো যাতে মানুষের ক্ষতির কারণ না হয়, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ রয়েছে কোম্পানিগুলোর। কারণ কোনো মডেল ক্ষতির কারণ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে 'উল্লেখযোগ্য' দায় নিতে হতে পারে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, নিরাপত্তা আরও জোরদার করতে চলতি বছরের শুরুতে মেটা তাদের 'মিউজ' এআই এজেন্ট উন্মুক্ত করার সময় পিছিয়ে দিয়েছিল।
জাকারবার্গ বলেন, "অন্যরা কী করবে, তার জন্য আমরা অপেক্ষা করিনি। মানুষের ও আমাদের প্রতিষ্ঠানের জন্য এটি সঠিক সিদ্ধান্ত মনে হওয়ায় আমরা নিজেরাই এ পদক্ষেপ নিয়েছি।"
স্বাধীন মূল্যায়নকারী নিয়োগ 'শিল্পের সর্বোত্তম চর্চা'
জাকারবার্গ বলেন, মেটার এআই বিভাগ মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে স্বাধীন মূল্যায়নকারীদের দিয়ে তাদের এআই ব্যবস্থা যাচাই করাচ্ছে। এটিকে তিনি 'শিল্পের সর্বোত্তম চর্চা' বলে উল্লেখ করেন।
তিনি বলেন, "অন্য এআই প্রতিষ্ঠানগুলোও একই কাজ করতে পারে।"
এআই নিরাপত্তায় মেটাকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে জাকারবার্গ এমন সময়ে এ অবস্থান জানালেন, যখন কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের করা মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ ১ হাজার ৮০০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে মেটা। মামলাগুলোতে অভিযোগ ছিল, শিশুদের আসক্ত করে তোলার মতো করে ফেসবুক ও ইনস্টাগ্রাম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে মেটা মামলা নিষ্পত্তিতে অর্থ দিতে সম্মত হলেও কোনো দায় স্বীকার করেনি।
এদিকে এআই কোম্পানিগুলো সম্মিলিতভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন বলেন, যেসব এআই কোম্পানি একদিকে নতুন নিয়ন্ত্রণের জন্য তদবির করছে, অন্যদিকে অ্যান্টিট্রাস্ট আইন থেকে ছাড় চাইছে, তাদের বিষয়ে সবারই 'গভীরভাবে সন্দিহান' থাকা উচিত।
ফার্গুসন সরাসরি অ্যানথ্রপিকের নাম উল্লেখ করেননি। তবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানিগুলো যাতে সম্মিলিতভাবে এআই উন্নয়নের গতি কমাতে পারে, সে জন্য অ্যান্টিট্রাস্ট আইনের আওতায় অনুমতি চেয়েছিলেন।
