ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছিঁড়ে ফেললেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় টাঙানো মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর প্রদর্শিত ছবি দুটি ছিঁড়ে ফেলেন। পরবর্তীতে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবি দুটি নিচে পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ সময় সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, 'যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না। এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম, নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।'
