নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
তৎকালীন প্রিন্স চার্লস যেদিন বৈবাহিক সম্পর্কে বিশ্বাসভঙ্গের কথা স্বীকার করেন, প্রিন্সেস ডায়ানার পরনে সেদিন ছিল বিখ্যাত 'রিভেঞ্জ ড্রেস'। পোশাকটি আগামী ডিসেম্বরে নিলামে উঠতে যাচ্ছে।
গ্রীক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের তৈরি এই কালো মিনিড্রেসটি বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার মাধ্যমে প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম পোশাকটি নিলামে তোলা হচ্ছে।
প্রিন্সেস অব ওয়েলস ১৯৯৪ সালে লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে একটি দাতব্য নৈশভোজে পোশাকটি পরেছিলেন। এটি ছিল সেই একই রাত, যেদিন প্রিন্স চার্লস জাতীয় টেলিভিশনে ডায়ানার সাথে তাদের বৈবাহিক সম্পর্কের সময় বিশ্বাসভঙ্গের কথা স্বীকার করেছিলেন।
যুক্তরাজ্যের এই রাজকীয় দম্পতি ১৯৯২ সালে আলাদা হয়ে যান এবং ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। ক্যান্সার এবং এইডস সংক্রান্ত দাতব্য তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ডায়ানা ১৯৯৭ সালে পোশাকটি প্রায় ৪০ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি করে দেন।
এর দুই মাস পর প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ১৯৯৭ সালে ব্রিজ এবং গ্রাহাম ম্যাকেনজি দম্পতি—পোশাকটি কিনেছিলেন, তারা স্কটল্যান্ডজুড়ে দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহে এটি ব্যবহার করেছিলেন।
সোথবির এক বিবৃতিতে ব্রিজ ম্যাকেনজি বলেন, 'আমি আশা করি এটি এমন কারও কাছে যাবে যিনি এটি নিজের কাছে রাখার মাধ্যমে ঠিক তেমনই আনন্দ পাবেন, যেমনটা আমরা পেয়েছি।'
নিউ ইয়র্কে ৯ ডিসেম্বরের একটি সরাসরি নিলামের আগে এই কালো পোশাকটি বিশ্বজুড়ে প্রদর্শিত হবে, যেখানে লন্ডনে, হংকংয়ে এবং জেনেভায় এটি প্রদর্শনীর জন্য রাখা হবে।
সোথবির আনুমানিক হিসাব অনুযায়ী, পোশাকটি ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে।
