১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় জোট
ঢাকা-চট্টগ্রামের পর এবার ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ লংমার্চ করছে ১১ দলীয় জোট। এদিন বিকেল ৪টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াতের কার্যালয়ে বৃহস্পতিবার প্রস্তুতি সভা হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় তিনি বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। আসন্ন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার এক ঐতিহাসিক পদক্ষেপ।'
তিনি আরও বলেন, 'বিগত ১৫ বছর মানুষ ফ্যাসিবাদী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। অথচ আজ যারা জুলাইয়ের ত্যাগ ও অঙ্গীকার উপেক্ষা করে সংকীর্ণ দলীয় স্বার্থ বাস্তবায়নে মত্ত, তারা মূলত দেশের জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে অপমান করছে। জুলাইয়ে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের পর আমরা আর কোনো রক্তের খেলা দেখতে চাই না।'
সরকারকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে আবদুল হালিম বলেন, 'গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সরকারকে নিশ্চিত করতে হবে।'
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত পূর্বের রাস্তায় লংমার্চ বহরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। সুশৃঙ্খলভাবে লংমার্চ বহর যাতে রংপুর পর্যন্ত পৌঁছে যেতে পারে সেজন্য ভূমিকা পালন করতে হবে। পলাশবাড়িতে অনুষ্ঠিতব্য পথসভাকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে।'
