জ্বালানি রপ্তানিতে ২৯% প্রবৃদ্ধি, টানা দ্বিতীয় মাসের মতো বাড়ল চীনের অপরিশোধিত তেল আমদানি
মধ্যপ্রাচ্যের বাইরের বিকল্প উৎসগুলো থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সরবরাহ বৃদ্ধি এবং পরিশোধিত জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি শিথিল হওয়ার প্রেক্ষাপটে, আগস্ট মাসে টানা দ্বিতীয় মাসের মতো বেড়েছে চীনের ক্রুড আমদানি। বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের মধ্যে ক্রুড পরিশোধন করে জ্বালানি পণ্য তৈরির মুনাফা মার্জিন বেড়েছে। যা লুফে নিতে চীন থেকে পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি প্রায় ২৯ শতাংশ বাড়ায় এ প্রবণতা তৈরি হয়েছে।
চীনের কাস্টমস দপ্তরের আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে দেশটি মোট ৩ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টন বা দৈনিক গড়ে ৮৯ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এটি জুলাইয়ের তুলনায় ৬.২ শতাংশ বেশি এবং গত জুন মাসের এক দশকের মধ্যে সর্বনিম্ন আমদানি থেকে ধারাবাহিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।
উচ্চ মূল্য এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ সংকটের কারণে, জুন মাসে চীনের ক্রুড আমদানি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। এর আগে যুদ্ধ শুরুর পূর্বেই বেইজিং নিজেদের জরুরি মজুতে প্রায় ১৪০ কোটি ব্যারেল তেল মজুত করে রেখেছিল। ফলে ২০২৫ সালের দৈনিক গড়ের তুলনায় জুন মাসে তেলের আমদানি দিনে প্রায় ৪৪ লাখ ব্যারেল পর্যন্ত কমিয়ে দেওয়ার মতো সক্ষমতা ছিল দেশটির।
তবে জুলাই থেকে চীনে আবার তেলের আমদানি বাড়তে শুরু করে এবং আগস্টেও এই ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। মধ্যপ্রাচ্য থেকে প্রবাহ কিছুটা বাড়ার পাশাপাশি চীনা তেল শোধনাগারগুলো রাশিয়ার ইএসপিও বা এস্পো গ্রেডের তেল ক্রয় বাড়ায় এবং আর্জেন্টিনার মতো অপ্রচলিত উৎসগুলোর দিকে নজর দেয়।
জ্বালানি পণ্য রপ্তানির ওপর সরকারের বিধিনিষেধ শিথিল করাও— আগস্টে তেলের আমদানি বাড়ার অন্যতম বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু, বিশ্বব্যাপী বিশেষ করে ডিজেলের তীব্র সরবরাহ সংকটের ফলে ক্রুড থেকে ডিজেল উৎপাদনে মুনাফার হার বেড়েছে। আর এই মুনাফা মার্জিন পেতে চীনের রিফাইনারিগুলোও অপরিশোধিত তেলের মজুত বাড়ায় এবং তা থেকে ডিজেল উৎপাদন জোরদার করে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে চীনা শোধনাগারগুলো অপরিশোধিত তেল আমদানির পাশাপাশি পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি বহুলাংশে বাড়িয়েছে। আগস্টে চীন থেকে পরিশোধিত জ্বালানি রপ্তানি জুলাইয়ের তুলনায় ২৯ শতাংশ বেড়ে ৬০ লাখ টনে পৌঁছেছে, যা ২০২৫ সালের আগস্টের ৫৩ লাখ ৩০ হাজার টনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
শিপ-ট্র্যাকিং সংস্থা 'ভর্টেক্সা'-এর বিশ্লেষক এমা লি রয়টার্সকে বলেন, "আগস্টে (চীনের) জ্বালানি পণ্য রপ্তানির যে উল্লম্ফন দেখা গেছে এবং সেপ্টেম্বরেও তা অব্যাহত থাকার আভাস মিলছে—তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখেই ক্রুড অয়েলের মাসভিত্তিক এই আমদানি বেড়েছে।"
