সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদে কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন ও সেতু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে এসব কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম পর্যায়ক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন আহমেদকে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-২ আসনের মোহাম্মদ আমানউল্লাহ আমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গাউসকে।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে ঝালকাঠি-১ আসনের রফিকুল ইসলাম জামালকে।
প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও বিভিন্ন আসনের সংসদ সদস্যদের সদস্য করা হয়েছে। ১০টি কমিটির কোনোটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।
এর আগে সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদীয় আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্বের দাবি জানিয়েছিলেন।
বুধবার কমিটিগুলো গঠনের পর কোনো কমিটির সভাপতির পদে বিরোধী দলের সাংসদদের না রাখায় বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, 'সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে কমিটির সদস্যপদে ২৬% প্রতিনিধিত্বের বিষয়ে সরকারি দলের সঙ্গে সমঝোতা হলেও সভাপতির পদে বিরোধী দলকে কোনো প্রতিনিধিত্ব দেওয়া হয়নি।'
তাহেরের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, 'সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলের সদস্যদের আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতি করার কোনো বাধ্যবাধকতা নেই।' তবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে কমিটিতে বিরোধী দলকে ২৬% বেশি সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
