ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর একটি পিকআপ পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিয়মিত দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারে থাকা অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বিমানবাহিনী সদস্য নিহত হন এবং চারজন আহত হন।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।
আহতরা হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের।
আহতদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদের অবস্থা গুরুতর। আর আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিহতদের পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
