নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিকেলে উঠছে মন্ত্রিসভায়
নতুন পে-স্কেল অনুমোদনের জন্য আজ বিকেলে মন্ত্রিসভায় উত্থাপনের আগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে টিবিএসকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, 'বিকেলে মন্ত্রিসভায় উত্থাপনের আগে সকালে পে-স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থান কীভাবে হবে এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে—এসব বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। অর্থ বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
আজ বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
