ওষুধের দাম কমার খবর দেখিয়ে ক্রেডিট নিলেন ট্রাম্প; ওই প্রতিবেদনই বলছে কৃতিত্ব বাইডেনের
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট 'প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে' শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এ শিরোনামের একটি পত্রিকা হাতে ধরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।
ওষুধের দাম কমার বিষয়টি ট্রাম্পের কৃতিত্ব বলে জাহিরের চেষ্টা করে ব্যর্থ হয় হোয়াইট হাউস। কারণ প্রতিবেদনে বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে ওষুধের দাম কমার জন্য ট্রাম্প নয়, জো বাইডেনকে দায়ী করেছেন।
তাদের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে, হোয়াইট হাউস ট্রাম্পের ছবিটির ক্যাপশনে বিজয়ের সুরে লিখেছে, "পয়েন্ট অব ভিউ (আমার দৃষ্টিতে): আপনি প্রমাণ তুলে ধরেছেন।" হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও এটি শেয়ার করেছেন।
এই ছবিটি শুক্রবারে একটি আয়োজিত ফটো-সেশনের সময় তোলা কয়েকটি ছবির একটি ছিল। তখন ট্রাম্প সাংবাদিকদের কাছে গিয়েছিলেন সেই শিরোনামটির একটি কপি নিয়ে যা তিনি তাদের দেখাতে চেয়েছিলেন সেসময়ই ছবিটি তোলা হয়। শিরোনামটি এবং প্রতিবেদনটির প্রথম পাঁচটি লাইন সংবলিত একটি প্রিন্ট-আউট ধরে রেখে, প্রেসিডেন্ট পৃষ্ঠাটি চারপাশে ঘুরিয়ে দেখান এবং প্রেস পুলকে এটি রেকর্ড ও ছবি তোলার জন্য উৎসাহিত করেন।
'আজকের শিরোনামটি ঠিক এটাই,' তিনি গর্বের সঙ্গে বলেন। 'আপনারা কি এটি দেখেছেন?'
এরপর তিনি সুসংবাদটি জোরে পড়ে শোনান এবং ক্যামেরার সামনে আবারও ছাপা কাগজটি তুলে ধরেন। 'ঠিক আছে, বুঝেছেন তো? সবাই পেয়েছেন তো?' তিনি প্রশ্ন করেন। 'আমি আপনাদের বলেছিলাম, এমনটাই ঘটবে।'
সাংবাদিকদের কাছ থেকে সরে যাওয়ার আগে ট্রাম্প আবারও বলেন, তিনি চান তারা এই খবরটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিক। একই সঙ্গে তিনি দুই হাত অনেকটা দূরে ছড়িয়ে ধরেন, যেন এইমাত্র কোনো জাদুর কৌশল দেখিয়েছেন। তিনি বলেন, 'প্রেসক্রিপশন ওষুধের দাম ৬০ বছরের মধ্যে যেকোনো সময়ের তুলনায় বেশি কমেছে।' এরপর তিনি বলেন, 'আমাকে আর কী বলতে হবে?'
তবে প্রেসিডেন্ট যা বলেননি তা হলো, বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, জুলাইয়ে ৬০ বছরের বেশি সময়ের মধ্যে ওষুধের দামে বছরওয়ারি সবচেয়ে বড় পতনের 'কৃতিত্ব নিয়েছে' ট্রাম্পের হোয়াইট হাউস। কিন্তু স্বাধীন বিশেষজ্ঞরা বলেছেন, জনপ্রিয় কিছু প্রেসক্রিপশন ওষুধের দাম নিয়ে মেডিকেয়ারকে ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে দর-কষাকষি করতে বাধ্য করা বাইডেন আমলের একটি নীতিই বরং ওষুধের দাম কমার পেছনে বেশি ভূমিকা রেখেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, 'ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। ২০২২ সালে প্রণীত এই বিস্তৃত আইনের লক্ষ্য ছিল প্রেসক্রিপশন ওষুধের দাম কমানো। এর আওতায় বয়স্কদের জন্য ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ারকে বহুল ব্যবহৃত ও ব্যয়বহুল বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধের জন্য ওষুধ প্রস্তুতকারকদের কাছ থেকে যে দাম পরিশোধ করে, তা নিয়ে আলোচনা শুরু করতে বাধ্য করা হয়।' প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 'দাম কমানোর প্রথম ধাপ চলতি বছরের শুরুতে কার্যকর করা হয়।'
শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশ করা ভোক্তা মূল্যসূচকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে প্রেসক্রিপশন ওষুধের দাম তিন দশমিক এক শতাংশ কমেছে। এই ব্যুরোর সাবেক প্রধানকে গত বছর ট্রাম্প বরখাস্ত করেছিলেন, কারণ প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানসংক্রান্ত পরিসংখ্যানকে তিনি 'ভুয়া' বলে অভিহিত করেছিলেন।
ওয়াশিংটন পোস্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক রিচার্ড ফ্র্যাঙ্কের বক্তব্য উদ্ধৃত করে জানায়, ওষুধের দাম কমার পেছনে ট্রাম্পের নীতিগুলো কাজ করেছে কি না, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
ফ্র্যাঙ্ক বলেন, 'কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা নিয়ে যদি আমাকে বাজি ধরতে হতো, তাহলে সম্ভবত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর ওপরই বাজি ধরতাম।' তিনি আরও বলেন, ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর ক্ষেত্রে 'আমি আমার টাকা রাখতাম না'।
আরেক বিশেষজ্ঞ, ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি বিষয়ক অধ্যাপক স্টেসি ডুসেটজিনা, ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্পের যেকোনো উদ্যোগের তুলনায় বাইডেন স্বাক্ষরিত আইনটিই ওষুধের দাম কমার বেশি সম্ভাব্য ব্যাখ্যা।
ডুসেটজিনা বলেন, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায় এখন পর্যন্ত মাত্র ১০টি ওষুধের দাম নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এগুলো বহুল ব্যবহৃত ওষুধ এবং 'তাদের দাম সম্ভবত প্রেসক্রিপশন ওষুধের মূল্যসূচকে প্রতিফলিত হবে'।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বৃহস্পতিবার কোনো প্রতিবেদনের সংযোগ না দিয়েই নিজের এক্স অ্যাকাউন্টে ওয়াশিংটন পোস্টের শিরোনামটির একটি পর্দার ছবি প্রকাশ করেন। চেউং লেখেন, 'সব কৃতিত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের!'
