সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ
বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। সাতক্ষীরার বাজারে গত ১৫ দিনে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় দাঁড়িয়েছে। এই অস্থিরতার মধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আমদানি হয়েছে বলে জানিয়েছেন ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান৷
তিনি জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে।
বন্দর-সংশ্লিষ্টরা জানান, প্রতি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে।
বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, আমদানি অনুমতির প্রথম দিনেই ১ লাখ কেজি (১০০ মেট্রিক টন) কাঁচা মরিচ দেশে এসেছে। তিনি বলেন, 'অনুমতি পাওয়ার পরপরই ১০ ট্রাক মরিচ এরই মধ্যে দেশে এসেছে। এই মরিচ চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। আগামীকাল থেকেই মরিচের দাম কমে যাবে।'
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, 'আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে। এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।'
সাতক্ষীরা শহরের কাঁচাপাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। এর ফলে গত ১৫ দিনে কাঁচা মরিচের দাম ছয় গুণ বেড়ে ৫০ টাকা থেকে ৩০০ টাকায় দাঁড়িয়েছে। আমদানি শুরু হয়েছে, এখন দাম কমে যাবে।
