ঢাকা মেডিকেলে সিনোফার্ম ভ্যাকসিন নিচ্ছেন চীনা নাগরিকেরা
শনিবার (২৯ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনা নাগরিকদের সিনোফার্ম ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন ২১০ জন চীনা নাগরিক ভ্যাকসিন নিয়েছেন। রোববার বাকীদের ভ্যাকসিন দেয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, "চীনের উপহারের সিনোফার্ম ভ্যাকসিন মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি চীনা নাগরিকদের দেয়ার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের হাসপাতালে ৪৫৬ জন চীনা নাগরিককে এ ভ্যাকসিন দেওয়া হবে"।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, "দু'দিনে ৪৫৬ জন চীনা নাগরিককে এই ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে। শনিবার ২৫০ জনের ভ্যাকসিন নেয়ার কথা থাকলেও ২১০ জন ভ্যাকসিন নিয়েছেন, আগামীকাল (আজ) বাকীরা ভ্যাকসিন নেবেন বলে আশা করা যাচ্ছে"।
চীনা সরকারের দেয়া উপহারের ৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশের আড়াই লাখ মানুষকে দেওয়া হবে।
২৫ মে পরীক্ষামূলকভাবে চারটি মেডিকেল কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থীকে সিনোফার্ম ভ্যাকসিন দেয়া হয়। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করে অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও এ ভ্যাকসিন দেয়া হবে।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, "আমাদের শিক্ষার্থীরা সিনোফার্ম ভ্যাকসিন নিয়েছেন। এখন চীনা নাগরিকেরা একই ভ্যাকসিন নেয়ার পর সিনোফার্মের প্রতি মানুষের আস্থা বাড়বে"।
