সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী
সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, 'ঢাকা মহানগরে একটি সমন্বিত মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও এর কার্যকর ব্যবস্থাপনা কীভাবে করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা সিটিসহ সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য শিগগিরই একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।'
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সম্পূরক প্রশ্নে শওকত আরা আক্তার বলেন, ঢাকার সড়কে জনদুর্ভোগের অন্যতম কারণ হলো ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল। কাকডাকা ভোর থেকেই লাখ লাখ ব্যাটারিচালিত যান সড়কে নেমে পড়ে।
এসব যানবাহনে কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এবং চালকদের শারীরিক পরিশ্রমও তুলনামূলক কম হওয়ায় চালক ও যাত্রী—উভয়ের জন্যই এটি স্বাচ্ছন্দ্যপূর্ণ। এছাড়া এসব যানবাহন থেকে কার্বন নিঃসরণ তুলনামূলক কম হওয়ায় পরিবেশের জন্যও ইতিবাচক।
তবে মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। অধিকাংশ চালক অদক্ষ এবং তাদের লাইসেন্স, প্রশিক্ষণ কিংবা ট্রাফিক আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
তিনি জানতে চান, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করে সেগুলোর মানোন্নয়ন এবং একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে এনে নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সরকারের রয়েছে কি না।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'সংসদ সদস্য মূলত ঢাকা মহানগরকেন্দ্রিক বিষয়টি তুলে ধরেছেন। তবে ঢাকা শহরের এসব বিষয় সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে; যোগাযোগ মন্ত্রণালয় সরাসরি এ দায়িত্ব পালন করে না এবং এ ক্ষেত্রে তাদের হস্তক্ষেপের সুযোগও সীমিত।'
তিনি বলেন, 'ঢাকা মহানগরে একটি সমন্বিত মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইতোমধ্যে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'সেই উদ্যোগের অংশ হিসেবেই ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং এর কার্যকর ব্যবস্থাপনা কীভাবে করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।'
মন্ত্রী বলেন, 'বিশেষ করে ঢাকা সিটিসহ সারা দেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন করা হবে। সেই নির্দেশনার আলোকে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'
