চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল আনোয়ার ওই এলাকার বাসিন্দা এবং একজন মুক্তিযোদ্ধা। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহুরুল আনোয়ারের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার দুই ছেলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। দেশের বাড়িতে স্ত্রী, এক ছেলে এবং পুত্রবধূদের সাথে তিনি বসবাস করতেন। শনিবার সকালে তার স্ত্রী নাশতার জন্য ডাকতে গিয়ে ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানায়, জহুরুল আনোয়ার ইতিপূর্বেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এছাড়া প্রাথমিক সুরতহালে ঘটনাস্থলে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান টিবিএসকে বলেন, 'নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এছাড়া জমিজমা-সংক্রান্ত একটি দেওয়ানি মামলার কারণে তিনি বেশ মানসিক চাপেও ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।'
মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জহুরুল আনোয়ারের দাফন সম্পন্ন হয়। এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
