পোল্ট্রি-ডেইরি খাতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব
দেশীয় পোল্ট্রি ও ডেইরি শিল্পের বিকাশে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব আসছে আসন্ন জাতীয় বাজেটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোল্ট্রি ও ডেইরি শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে কয়েকটি উপকরণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এসব উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্যে নামিয়ে আনা হবে।
এদিকে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের জন্য কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সম্প্রসারণেরও প্রস্তাব করা হয়েছে। এ খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নতুন করে তিনটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে, সেগুলোর আমদানিতে শূন্য শতাংশ হারে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবও আসছে আসন্ন জাতীয় বাজেটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পের জন্য উপযুক্ত বাজার সুরক্ষা নিশ্চিত করা এবং দেশীয় উৎপাদকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
