ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ের দিকে গেছেন আন্দোলনকারীরা।
এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে 'সচেতন গ্রাহক ফোরাম'। বুধবার (১০ জুন) অর্থমন্ত্রী বরাবর লিখিত দাবি জানাতে কয়েক হাজার গ্রাহককে নিয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে যায়।
ফোরাম সূত্রে জানা যায়, বেলা ১১টায় মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করা হয়। সেখানে অর্থমন্ত্রীর উদ্দেশে লিখিত দাবি স্মারকলিপি আকারে জমা দেওয়ার কথা রয়েছে।
খুরশিদ আলম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রাহক ফোরামের আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, নয় দিনের ব্যবধানে গ্রাহকেরা ৫ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা তোলার জন্য বিপুলসংখ্যক গ্রাহকের উপস্থিতি দেখা যাচ্ছে।
ব্যাংকারদের একটি অংশের ভাষ্য, কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারল্যসংকট আরও বাড়তে পারে।
অধ্যাপক নুর উন-নবী বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর অনিয়মিত ঋণ বিতরণ ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকটি সংকটে পড়ে।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান করা হয়। এর পর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আন্দোলনের মধ্যেই ১ জুন রাতে ব্যাংকের এক ভার্চুয়াল বৈঠকে এমডি মো. ওমর ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
