ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে ও তার ওপর চাপ প্রয়োগ করতে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের নেতারা সরাসরি তাকে ফোন করে অনুরোধ করেছেন।
সোমবার (১ জুন) 'এক্সিওস'-এর প্রতিবেদক এবং সিএনএন-এর কন্ট্রিবিউটর বারাক রাভিদকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানান।
কোন কোন দেশ তার সঙ্গে যোগাযোগ করেছিল, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প বলেন, 'এই দেশগুলো অত্যন্ত উদ্বিগ্ন ছিল। আমরা যে চুক্তির বিষয়ে আলোচনা করছি, তা তারা বেশ পছন্দ করেছেন।'
ট্রাম্প আরও জানিয়েছেন, নেতানিয়াহুকে সতর্ক করে তিনি বলেছেন, এভাবে হামলা অব্যাহত রাখলে ইসরায়েল খুব শিগগিরই আন্তর্জাতিকভাবে 'একঘরে' হয়ে পড়বে।
ট্রাম্প বলেন, 'আমি বলেছি, "বিবি, তোমার সাবধান হওয়া উচিত, অন্যথায় তুমি খুব শিগগিরই একা হয়ে পড়বে"।'
ট্রাম্প আরও জানান, গত রবিবার ইরানের ওপর হামলা চালানোর বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অত্যন্ত শেষ মুহূর্তে বা 'বিলম্বে' তথ্য দিয়েছিল। বর্তমানে সেই হামলা বন্ধ হলেও নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে যেকোনো সময় আবারও হামলা শুরু হতে পারে।
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প যখন কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল।
কূটনৈতিক এই তৎপরতার মাঝে ইরানের কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান ট্রাম্প। তেহরান জানিয়েছে, ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তবে তারাও আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না।
ট্রাম্প এক্সিওসকে বলেন, 'তারা আমাদের কল করে বলেছিল যে তারা আর কোনো হামলা চালাচ্ছে না এবং ইসরায়েলকেও যেন আর হামলা না করতে বলা হয়, সেই অনুরোধ করেছে।'
