কোনো অভিজ্ঞতা ছাড়াই মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন গৃহায়ণ কর্মকর্তা বিল পুলটে
যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তদারককারী শীর্ষ পদ 'ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স' (ডিএনআই) হিসেবে একজন গৃহায়ণ কর্মকর্তাকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের গোয়েন্দা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বিল পুলটেকে এই পদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
বড় একটি আবাসন ব্যবসায়ী পরিবারের সন্তান ও ইকুইটি ফাইন্যান্সার বিল পুলটে বর্তমানে 'ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি'র (এফএইচএফএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের শেষ কার্যদিবস ৩০ জুন। তার স্থলাভিষিক্ত হবেন পুলটে।
মঙ্গলবার (২ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিল পুলটের ভূয়সী প্রশংসা করেন। সরকারি নিয়ন্ত্রণাধীন বন্ধকী কোম্পানি 'ফ্যানি মে' এবং 'ফ্রেডি ম্যাক' তদারকিতে পুলটের দক্ষতার কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন, 'আমেরিকার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো পরিচালনা করা, বাজারের নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারক করার ক্ষেত্রে উইলিয়ামের গভীর অভিজ্ঞতা রয়েছে।'
ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি পুলটে এফএইচএফএ-এর পরিচালক এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান পদেও বহাল থাকবেন।
কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারাই ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর মার্ক ওয়ার্নার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এই প্রেসিডেন্ট দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে কী আশা করেন, তা এই নিয়োগের মাধ্যমে স্পষ্ট হয়েছে।'
তিনি আরও বলেন, 'একজন সম্মানিত জাতীয় নিরাপত্তা পেশাদারকে বেছে নেওয়ার পরিবর্তে, যিনি স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম; প্রেসিডেন্ট এমন একজন কর্মকর্তাকে বেছে নিয়েছেন যিনি রাজনৈতিক প্রতিশোধ নিতে সরকারি ক্ষমতা ব্যবহারে উন্মুখ।'
রিপাবলিকান সিনেটর জন কর্নিনও এই নিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করে সাংবাদিকদের বলেন, 'আমি এই পদের জন্য তার যোগ্যতার কোনো প্রমাণ দেখছি না, তবে আমি শুনতে রাজি আছি।'
অভিযোগ রয়েছে, বিল পুলটে এফএইচএফএ-এর পরিচালক পদের ক্ষমতা ব্যবহার করে মর্টগেজ জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের ফাঁসানোর চেষ্টা করেছিলেন। তার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ, নিউ ইয়র্কের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস, ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েল এবং গভর্নর লিসা কুক।
যদিও তার করা কোনো মামলাই আদালতে টিকতে পারেনি। বর্তমানে 'সরকারি জবাবদিহিতা সংস্থা' তদন্ত করছে যে কীভাবে এফএইচএফএ সম্প্রতি তাদের জালিয়াতি সংক্রান্ত তদন্তের নিয়মগুলো পরিবর্তন করেছিল।
এই নিয়োগের পর ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যাডাম শিফ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, পুলটে 'গৃহায়ণ সংস্থাগুলোকে রাজনৈতিকীকরণ ও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং গোয়েন্দা সম্প্রদায়ের ক্ষেত্রেও সে একই কাজ করবে।'
আইন অনুযায়ী, সিনেটের অনুমোদন ছাড়া একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল ২১০ দিন দায়িত্ব পালন করতে পারেন। সে হিসেবে কোনো বড় আইনি পরিবর্তন না হলে ২০২৭ সালের জানুয়ারির শেষ নাগাদ শেষ হবে বিল পুলটের এই মেয়াদ।
