ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে কাজ করা বেলজিয়ামভিত্তিক অনুসন্ধানী সংস্থা 'হিন্দ রজব ফাউন্ডেশন' (এইচআরএফ) ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি জরুরি অভিযোগ দায়ের করেছে। বর্তমানে দেশটির হিমাচল প্রদেশে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনা এইটান গিলবোয়াকে অবিলম্বে গ্রেফতারের জন্য এই আবেদন জানানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি রিজার্ভ সেনা এইটান গিলবোয়ার বিরুদ্ধে একটি বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
ফাউন্ডেশনটির দাবি, এই প্রতিবেদনে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য হিসেবে গিলবোয়া গাজায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পুরো আবাসিক ব্লক সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছেন এবং তা উল্লাসের সাথে উদযাপন করেছেন; যা ১৯৬০ সালের জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধের শামিল।
সংস্থাটি তাদের অভিযোগে উল্লেখ করেছে, "জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে, কনভেনশনের ১৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জাতীয়তা যা-ই হোক না কেন, তাদের খুঁজে বের করা এবং তাদের বিচার করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের।"
মানবাধিকার গোষ্ঠীটির তথ্য অনুযায়ী, ওই ইসরায়েলি রিজার্ভ সেনা বর্তমানে ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রামে অবস্থান করছেন।
গিলবোয়ার এই অবস্থানের তীব্র বিরোধিতা করে হিন্দ রজব ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ বলেন, "এইটান গিলবোয়া কোনো সাধারণ পর্যটক নন। তিনি একজন যুদ্ধাপরাধী, যিনি নিজের অপরাধের আইনি পরিণতি থেকে বাঁচতে পালিয়ে এসে বর্তমানে ভারতের আতিথেয়তা উপভোগ করছেন।"
