ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবার প্রথমবারের মতো হাফটাইম শোর (বিরতির সময় অনুষ্ঠান) আয়োজন করা হচ্ছে। আর এই আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘোষণা দিয়েছে।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতি চার বছর পর পর হওয়া এই আয়োজন এমনিতেই সারা বিশ্বের নজর কাড়ে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখেছিলেন ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ। তবে এবার বিরতির সময় সংগীতানুষ্ঠান যুক্ত হওয়ায় আরও অনেক সাধারণ দর্শকও এর প্রতি আকৃষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।
শিল্পীদের মধ্যে ম্যাডোনা তার দীর্ঘ ক্যারিয়ারে সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। অন্যদিকে শাকিরার ঝুলিতে রয়েছে চারটি গ্র্যামি। আর বিটিএস হলো প্রথম কোনো কে-পপ দল যারা গ্র্যামি মনোনয়ন পেয়েছিল।
এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'সুপার বোল' হাফটাইম শোতে পারফর্ম করেছিলেন ম্যাডোনা। আর ২০২০ সালে জেনিফার লোপেজের সঙ্গে সুপার বোলের মঞ্চ মাতিয়েছিলেন শাকিরা।
কীভাবে হলো শিল্পী নির্বাচন?
বিশ্বকাপের এই হাফটাইম শোর জন্য শিল্পীদের বেছে নিয়েছেন বিখ্যাত ব্যান্ড 'কোল্ডপ্লে'-এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি এই আয়োজনের কিউরেটর হিসেবে রয়েছেন।
আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে শুরু হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। এই হাফটাইম শোর প্রযোজনা করবে 'গ্লোবাল সিটিজেন' নামের একটি অলাভজনক সংস্থা। এই সংস্থাটি ক্ষুধা ও দারিদ্র্যের মতো বৈশ্বিক সমস্যাগুলো সামনে আনতে বড় আকারের সংগীতানুষ্ঠান আয়োজন করে থাকে।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে গত গ্রীষ্মেই হাফটাইম শোর পরীক্ষামূলক মহড়া সম্পন্ন করেছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। সেখানে আমেরিকান র্যাপার ডোজা ক্যাট, নাইজেরিয়ান গায়ক টেমস এবং কলম্বিয়ান শিল্পী জে বালভিন পারফর্ম করেছিলেন।
শাকিরা সম্প্রতি এই টুর্নামেন্টের অফিশিয়াল গান 'দাই দাই' প্রকাশ করেছেন, যেখানে আফ্রোবিটস তারকা বার্না বয়ও রয়েছেন। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন শাকিরা।
অন্যদিকে ম্যাডোনা ঘোষণা দিয়েছেন, তিনি আগামী জুলাই মাসে 'কনফেশনস অন আ ড্যান্স ফ্লোর: পার্ট টু' নামে একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন। আর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা শেষ করার পর গত মার্চে প্রায় চার বছর পর পূর্ণ লাইনআপে একত্রিত হয়েছে বিটিএস।
উদ্বোধনী অনুষ্ঠানের চমক
চলতি মাসেই ফিফা তিনটি আয়োজক দেশের উদ্বোধনী অনুষ্ঠানের লাইনআপও ঘোষণা করেছে। এর মধ্যে আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে সোফাই স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে কেটি পেরি, ফিউচার, অনিতা, লিসা, রেমা এবং টাইলার মতো তারকারা পারফর্ম করবেন।
খেলাধুলার বড় ইভেন্টগুলোতে সংগীতানুষ্ঠান আমেরিকান দর্শকদের জন্য নতুন কিছু নয়। সুপার বোলের হাফটাইম শোতে ব্যাড বানি, কেনড্রিক লামার এবং রিহানার মতো তারকারা পারফর্ম করেন, যা নিয়মিত ১০০ মিলিয়নেরও বেশি মানুষ দেখেন। অনুষ্ঠানের আগে-পরে এটি নিয়ে তুমুল আলোচনাও হয়।
তবে কট্টর ফুটবল ভক্তরা শুধু খেলার উত্তেজনাতেই বুঁদ থাকতে পছন্দ করেন, এর জন্য বাড়তি কোনো বিনোদনের প্রয়োজন তাদের নেই। তাই ফুটবলে এই হাফটাইম শো চালু করা নিয়ে পুরোনো ধ্যানধারণার ভক্তদের সঙ্গে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে।
ম্যানহাটনের নিউ স্কুলের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শন জ্যাকবস বলেন, 'সাধারণত ফুটবলে ১৫ মিনিটের বিরতিকে পবিত্র বলে মনে করা হয়—এর সঙ্গে কোনো আপস করা চলে না। আপনি যদি যুক্তরাষ্ট্রে বড় হন, তবে বিনোদন এবং খেলাধুলার এই মেলবন্ধন আপনার কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু আফ্রিকা, ইউরোপ, এশিয়া বা দক্ষিণ আমেরিকায় মানুষকে ফুটবল ভালোবাসানোর জন্য এই সবের কোনো দরকার নেই।'
