জামিনে কারামুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির পর তিনি একটি সাদা গাড়িতে চড়ে কারাগারের মূল ফটক দিয়ে বেরিয়ে যান।
সাবেক স্পিকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জাকির হোসেন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, 'জামিনের কাগজ হাতে আসার পর তা যাচাই-বাছাই করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।'
