নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভের জেরে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণ পাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেলসেতুর পূর্ব প্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের 'তানভীর ফিলিং স্টেশনে' এই মর্মান্তিক ঘটনা ঘটে। ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় গুরুতর আহত হন তার বন্ধু জিহাদুল মোল্যা (২৯)। তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত নাহিদ সরদার পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
এ ঘটনায় আজ দুপুরে নিহতের চাচা ও ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক সুজাত মোল্যাকে প্রধান আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, ঘটনার রাতে সুজাত আলী মোল্যা তার ট্রাক নিয়ে তেল নিতে পাম্পে আসেন। তবে চাহিদামতো তেল না পেয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুজাত নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি প্রদান করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পরও ট্রাকটি পাম্পে অবস্থান করছিল। রাতে দায়িত্ব শেষে নাহিদ সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হলে ট্রাকটি দ্রুতগতিতে তাদের পিছু নেয়। পরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদুল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের সহকর্মী ও এলাকাবাসী এটিকে একটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
র্যাব ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। আজ দুপুরে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই র্যাব-৬ যশোরের একটি দল অভিযুক্ত চালককে গ্রেপ্তারে সক্ষম হয়।
