৬০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশনা ইউজিসির
দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার (২৫ মার্চ) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খুব শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর নির্দেশনা দেওয়া হবে। পরবর্তীতে আবাসিক হলসহ শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোতেও পর্যায়ক্রমে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সভায় জানানো হয়, বাস্তবায়ন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্যবৃন্দ, আইসিটি বিভাগ এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, শিক্ষা ও গবেষণায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল বৈষম্য হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
