জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকার আদালত এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান আসামি ফাহিমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জাহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা আজ আদালতে উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। বিচারক আগামী ২৪ মার্চ শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা অবস্থায় ফাহিমকে গত রবিবার রাতেই সাভারের ইসলামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক সহযোগীদের শনাক্ত করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
নিহত শারমীন জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের জেরে গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন। এরপর সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়, যা শারমীন তার পরিবারকে জানিয়েছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ মার্চ বিকেল পৌনে পাঁচটার দিকে ফাহিম মুঠোফোনে শারমীনের চাচা মনিরুল ইসলামকে জানান যে শারমীন গুরুতর অসুস্থ। খবর পেয়ে মনিরুল দ্রুত ওই বাসায় গিয়ে শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমীনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১৫ মার্চ শারমীনের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
