কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের; নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৭ মার্চ) অষ্টম দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন। আর ইরানে নিহত সহস্র ছাড়িয়েছে।
যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।
ইরানে হামলা শুরু করে আমেরিকা বিশ্বের 'উপকার' করেছে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে পুরো বিশ্বের জন্য একটি 'উপকার' হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই অভিযানের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেছেন, শূন্য থেকে ১০-এর স্কেলে এই অভিযানের অগ্রগতি বর্তমানে '১৫'।
ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের স্বার্থে যুক্তরাষ্ট্র এই "উপকার" করছে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতদের সম্পর্কে অত্যন্ত কঠোর এবং বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প বলেন, 'যারা মারা গেছে তারা ছিল অসুস্থ মানুষ, অত্যন্ত অসুস্থ মানুষ।'
পারস্য উপসাগরে মার্কিন জাহাজ প্রবেশ করলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান
পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করলে সেটিকে ডুবিয়ে সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র এই চরম হুশিয়ারি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার প্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে এই পাল্টা বার্তা এলো। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে 'এসকর্ট' বা পাহারা দেওয়া শুরু করবে।
ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের
ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আক্রমণে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে।
ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'গত কয়েক দিনে মার্কিন বাহিনীর অভিযানে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশটির বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ পুরোপুরি অকেজো করে দেওয়া হয়েছে।'
ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তার মতে, এসব হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
আজই কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের; নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'কঠোর হামলার' হুমকির প্রতিক্রিয়ায় এবার পাল্টা আঘাত হানতে নতুন মার্কিন লক্ষ্যবস্তু খুঁজছে ইরান। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
শনিবার (৭ মার্চ) ট্রাম্প ইরানকে 'সম্পূর্ণ ধ্বংস' এবং 'নিশ্চিত মৃত্যু'র হুঁশিয়ারি দিয়ে নতুন কিছু এলাকায় হামলার ঘোষণা দেওয়ার পরপরই তেহরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসল।
ইরানি ওই কর্মকর্তা বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য স্পষ্টভাবেই ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তার এবং সরাসরি তাদের হত্যার হুমকি।'
এর পাল্টা জবাব দিতে ইরান এখন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের নতুন নতুন সম্পদ বা সামরিক স্থাপনা চিহ্নিত করছে বলে তিনি জানান।
তবে সম্ভাব্য এই পাল্টা হামলা কবে শুরু হতে পারে বা কোন কোন লক্ষ্যবস্তুকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা।
মাখোঁর সঙ্গে লেবাননের প্রেসিডেন্টের ফোনালাপ, ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা
ইসরায়েলি হামলা বন্ধে চলমান পরামর্শের অংশ হিসেবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাথে ফোনে কথা বলেছেন।
লেবাননের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানা গেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় দুই নেতা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
মাখোঁ পূর্বে লেবাননের সশস্ত্র বাহিনীর সাথে সহযোগিতা জোরদার ও দক্ষিণ থেকে পালিয়ে আসা লেবাননের হাজার হাজার বেসামরিক নাগরিকের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের দুজনের ফোনে কথা হলো।
এছাড়াও প্রেসিডেন্ট আউন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। তিনি লেবাননের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন।
ইরানের ১৬ সামরিক বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
তেহরানে গত রাতে চালানো এক ব্যাপক বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ১৬টি বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ধ্বংস হওয়া বিমানগুলো আইআরজিসি-র বিশেষ শাখা 'কুদস ফোর্সের' মালিকানাধীন ছিল বলে জানানো হয়েছে। এই বাহিনীটি মূলত ইরানের সীমান্তের বাইরে সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানজুড়ে 'বিশাল পরিসরে হামলা' চালিয়েছে। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল তেহরানের মেহরাবাদ বিমানবন্দর।
ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে ৫ হাজার মানুষের বিক্ষোভ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা বন্ধের দাবিতে লন্ডনের কেন্দ্রস্থলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, শনিবারের এই প্রতিবাদ কর্মসূচিতে অন্তত ৫ হাজার মানুষ অংশ নিয়েছেন।
শনিবার বিকেলে বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ডনের মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিল চলাকালীন বিক্ষোভকারীদের কণ্ঠে 'আমরাই জনতা, আমাদের দমানো যাবে না' এবং 'এখনই বোমা হামলা বন্ধ করো'—এমন সব প্রতিবাদী স্লোগান শোনা যায়।
ইরান ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়ে স্টারমারকে এরদোয়ানের ফোন
ইরান সংকট নিরসনে আলোচনার পরিবেশ তৈরি করতে বিশ্বনেতাদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।
তুরস্কের প্রেসিডেন্সির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ইরান ইস্যুতে সংলাপের পথ প্রশস্ত করতে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এই সংকট নিরসনে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ওপর সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতির ওপর আঙ্কারা নিবিড়ভাবে নজর রাখছে। এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের বাহিনী উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে।
আইআরজিসি তাদের ওয়েবসাইট সেপাহ নিউজে বলেছে, সন্ত্রাসী আমেরিকার অন্যতম সম্পদ, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা সম্বলিত 'লুইস পি' নামের একটি তেলের ট্যাঙ্কারে পারস্য উপসাগরের মাঝখানে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
এবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর ছাড়ার নির্দেশ দিল হিজবুল্লাহ
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন কিরিয়াত শমোনা শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ ওই শহরের বাসিন্দাদের শহর ছেড়ে দক্ষিণ দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'সতর্কবার্তা। কিরিয়াত শমোনার সমস্ত বাসিন্দাকে অবিলম্বে এলাকা খালি করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা দক্ষিণ দিকে চলে যান।'
ইরান প্রতিবেশী দেশের কাছে 'আত্মসমর্পণ' করেছে, দাবি ট্রাম্পের
ইরান তার প্রতিবেশী দেশের কাছে 'আত্মসমর্পণ' করেছে দাবি করে দেশটিতে আজই অত্যন্ত কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প দাবি করেন, ইরান ইতিমধ্যে ক্ষমা চেয়েছে এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে।
তিনি বলেন, 'ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর প্রতিবেশীদের ওপর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্রমাগত ও কঠোর আক্রমণের কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।'
ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের মিশরের তাবায় নিতে বাসের ব্যবস্থা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের
ইসরায়েল ত্যাগে ইচ্ছুক এবং যাদের বিশেষ সহায়তা প্রয়োজন, এমন মার্কিন নাগরিকদের জন্য মিশরের সীমান্তবর্তী শহর তাবা পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করেছে জেরুজালেমের মার্কিন দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে আজ শনিবার দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ যাতায়াত ব্যবস্থায় অংশ নিতে আগ্রহী মার্কিন নাগরিকদের জন্য একটি অনলাইন ফর্মও যুক্ত করা হয়েছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন আছড়ে পড়ার ভিডিও প্রকাশ; বিমান চলাচল স্বাভাবিক
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার ভেতরে ড্রোন সদৃশ একটি বস্তু আছড়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ সকালে প্রকাশিত ওই ফুটেজে বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখা যায়।
ফুটেজে দেখা যায়, একটি টার্মিনাল ভবনের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে 'আরেকটি ড্রোন' বলতে শোনা যায়।
ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রেড ক্রিসেন্ট
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী হামলার শিকার স্থাপনাগুলো হলো: ৫,৫৩৫টি আবাসিক ইউনিট বা ঘরবাড়ি; ১,০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান; ১৪টি চিকিৎসা কেন্দ্র; ৬৫টি স্কুল ebong ইরানি রেড ক্রিসেন্টের সাথে সংশ্লিষ্ট ১৩টি কেন্দ্র।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উদ্ধার কাজ চালানোর সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না, 'সেই স্বপ্ন ওরা কবরে নিয়ে যাবে': প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ শনিবার (৭ মার্চ) জানিয়েছেন, তার দেশ কখনোই 'নিঃশর্ত আত্মসমর্পণ' করবে না। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন দেশটির সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশ লক্ষ্য করে প্রতিশোধমূলক আক্রমণ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের একদিনেরও কম সময়ের মধ্যে মাসউদ পেজেশকিয়ান এই প্রতিক্রিয়া দিলেন। ট্রাম্প বলেছিলেন, তেহরান 'নিঃশর্ত আত্মসমর্পণ' না করলে তার সরকার কোনো আলোচনায় বসবে না।
তবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, 'আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, তা তারা কবরে নিয়ে যাবে।'
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর এখন থেকে আর কোনো আক্রমণ চালানো হবে না। তবে যদি ওই দেশগুলো থেকে ইরানের ওপর কোনো হামলা চালানো হয়, তবেই কেবল পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে প্রেসিডেন্ট গত কয়েক দিনে প্রতিবেশী দেশগুলোতে হওয়া হামলার ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, 'আক্রান্ত প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করা আমি প্রয়োজন বলে মনে করি।'
বক্তব্যে তিনি স্পষ্ট করেন, ইরান তার প্রতিবেশীদের ওপর কোনো আধিপত্য বিস্তার করতে চায় না। পেজেশকিয়ান বলেন, 'প্রতিবেশী দেশগুলো দখলের কোনো অভিপ্রায় আমাদের নেই।' এ সময় তিনি মধ্যপ্রাচ্যে 'শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার' লক্ষ্যে সব দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।
প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনীকে নেতৃত্বের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 'এখন থেকে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আগে হামলা না চালানো হলে তাদের ওপর আর কোনো আক্রমণ করা হবে না।'
বক্তব্যের এক পর্যায়ে তিনি বহিরাগত শক্তির ইশারায় পা না দিতে সতর্কবার্তা দেন। তিনি বলেন, 'যারা এই সুযোগে ইরানে হামলার কথা ভাবছেন, তারা সাম্রাজ্যবাদের পুতুল হবেন না।' তার মতে, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করা 'সম্মান ও স্বাধীনতার পথ নয়'।
হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পারস্য উপসাগরে 'প্রিমা' নামে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, 'হরমুজ প্রণালীতে চলাচলে নিষেধাজ্ঞা এবং এই জলপথের অনিরাপদ পরিস্থিতি নিয়ে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর' ওই ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে 'আইন লঙ্ঘনকারী ওই ট্যাংকারের' বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট 'মেরিন ট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিক বহনকারী ট্যাংকার যা মাল্টার পতাকাবাহী।
আমিরাত ও কুয়েতে হামলায় রাডার, জ্বালানি মজুত স্থাপনা ও রানওয়ে ধ্বংস: আইআরজিসি
সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে বড়সড় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, দেস দুটিতে মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক ও যৌথ হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির অন্যতম লক্ষ্য ছিল আমিরাতের আল দাফরা বিমানঘাঁটি। সেখানে ড্রোন ও নিখুঁত লক্ষ্যভেদী মিসাইলের সাহায্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানা হয়েছে।
আইআরজিসির দাবি, এই হামলায় একটি অত্যাধুনিক আগাম সতর্ককারী রাডার ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম) ধ্বংস করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের হ্যাঙার ও ইউ ২-এর মতো মার্কিন নজরদারি বিমানের সঙ্গে যুক্ত স্থাপনাও ধ্বংস হয়েছে।
এর পাশাপাশি কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও জোরালো মিসাইল হামলার কথা জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুতের স্থাপনা ও মার্কিন যুদ্ধবিমান ব্যবহারের দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরব দেশগুলোতে ইরানের হামলা নিয়ে আরব লিগের জরুরি বৈঠক
বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার বিষয়ে আলোচনা করতে আগামী রোববার এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। জোটের সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানিয়েছেন।
হোসাম জাকি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিসরের পক্ষ থেকে এই বৈঠকের অনুরোধ জানানো হয়েছে।
ইরানজুড়ে রাতভর ৮০ যুদ্ধবিমান হামলা, ২৩০ বোমা নিক্ষেপ: ইসরায়েলি বাহিনী
গত রাতজুড়ে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন জানিয়েছে যে, তাদের ৮০টিরও বেশি যুদ্ধবিমান রাতভর এই হামলায় অংশ নিয়েছে। এসব বিমান থেকে ইরানের বিভিন্ন 'সামরিক লক্ষ্যবস্তুতে' ২৩০টি বোমা বা যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অবকাঠামো সমৃদ্ধ একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুত করার একটি ভূগর্ভস্থ স্থাপনা।
তবে ইসরায়েলি বিবৃতিতে এসব স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি।
হরমুজ প্রণালীর কাছে এসে ড্রোনের ধাওয়ায় সরে গেছে মার্কিন রণতরি 'আব্রাহাম লিংকন': আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌবাহিনীর ড্রোনের মুখোমুখি হওয়ার পর হরমুজ প্রণালীর নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে মার্কিন বিমানবাহী রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন' সরে যায়।
ইরানি সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি-র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রণতরীটি হরমুজ প্রণালীর প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসার পর ইরানি ড্রোন সেটিকে ধাওয়া করে।
মুখপাত্র বলেন, 'মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ইরানি জলসীমার কাছাকাছি চলে আসায় ইরানি নৌবাহিনীর ড্রোনের হামলার মুখে পড়ে। এরপর এটি এর পাহারাদার জাহাজগুলোসহ দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।'
তবে এই ঘটনার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানে নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা
গত রাতে ইরানে বিরামহীন ও শক্তিশালী বিমান হামলার পর নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ।
গত পরশুই নিহতের এই সংখ্যা জানা গিয়েছিল, তবে হামলার তীব্রতা বজায় থাকায় এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শুধু সামরিক ঘাঁটি নয়, জনবহুল আবাসিক এলাকাগুলোতেও এই হামলা চালানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন, হাসপাতাল, স্কুল এবং পার্কিং এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর মধ্যে একটি বিশেষ ঘটনায় তেহরানের 'পুলিশ পার্ক' নামক একটি পার্কেও হামলা চালানো হয়েছে। বর্তমানে ইরানজুড়ে অত্যন্ত বিস্তৃত পরিসরে এই বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার প্রচেষ্টার মধ্যেই মার্কিন নাগরিকদের 'সর্বোচ্চ সতর্ক' থাকার পরামর্শ দূতাবাসের
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য তারা আরও অতিরিক্ত বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে।
দূতাবাস তার নাগরিকদের নিয়মিত ইমেইল পরীক্ষা করার অনুরোধ জানিয়েছে, যাতে নতুন কোনো তথ্য বা শেষ মুহূর্তের পরিবর্তনের বিষয়ে তারা দ্রুত জানতে পারেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে 'সর্বোচ্চ সতর্ক' থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই শনাক্ত ও ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করেছে।
তবে এই ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোঁড়া হয়েছিল বা এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।
এর আগে শনিবার সকালেও বড় ধরণের হামলার চেষ্টা ঠেকানোর দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ। সে সময় মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দেশের দক্ষিণাঞ্চলে চারটি ড্রোন এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া প্রথম দফার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ইরানের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে লাখ লাখ ইসরায়েলি
মধ্যরাত থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে রাতভর লাখ লাখ ইসরায়েলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে বা বাঙ্কারে অবস্থান করতে হয়েছে।
ইসরায়েলি বিশ্লেষকদের মতে, ইরান পরিকল্পিতভাবে ভিন্ন ভিন্ন সময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ছে। তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলিদের দীর্ঘ সময় শেল্টারে আটকে রাখা এবং এর মাধ্যমে ইসরায়েল সরকারের ওপর মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির নিরাপত্তা বিভাগ আশঙ্কা করেছিল যে যুদ্ধের প্রথম সপ্তাহেই ইরান থেকে প্রায় ১,০০০ ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র ২০০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ইসরায়েল মনে করছে, প্রত্যাশার চেয়ে অনেক কমসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া মূলত ইরানের সক্ষমতা কমে যাওয়ারই একটি বড় প্রমাণ। তারা দাবি করছেন, ইরানি স্থাপনাগুলোতে ইসরায়েলের চালানো ধারাবাহিক অভিযানের বা 'অপারেশনাল সাফল্যের' কারণেই ইরান বড় ধরনের হামলা চালাতে ব্যর্থ হচ্ছে।
ট্রাম্পের 'আত্মসমর্পণ' ও 'নেতা নির্বাচনে ভূমিকা রাখার' প্রস্তাবকে উপহাস করলেন ইরানি কর্মকর্তারা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে আত্মসমর্পণের আহ্বান এবং দেশটির পরবর্তী নেতা নির্বাচনে তার ভূমিকা থাকার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানি কর্মকর্তারা। তারা ট্রাম্পের এই মন্তব্যগুলো নিয়ে 'উপহাস' করেছেন।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এসব দাবি তেহরানের পক্ষ থেকে 'চরম অস্বীকৃতির' মুখে পড়েছে। তিনি বলেন, 'ইরান বর্তমানে পরিবর্তনের বদলে তাদের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েই সংকেত দিচ্ছে।'
ইরান যুদ্ধ দীর্ঘ হলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি বন্ধ হতে পারে: কাতার
ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চরম অস্থিরতা দেখা দেবে বলে সতর্ক করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি।
শুক্রবার ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস-এ (এফটি) প্রকাশিত এক সাক্ষাৎকারে সাদ আল-কাবি বলেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানির দাম সবার জন্যই বেড়ে যাবে। বেশ কিছু পণ্যের সংকট দেখা দেবে এবং কারখানাগুলোতে এর ধারাবাহিক প্রভাব পড়বে, ফলে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত শনিবার থেকে ইরানও ওই দেশগুলোতে এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এর জেরে গত সোমবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেয় কাতার।
সাম্প্রতিক সময়ে ইরানের এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বিভিন্ন জ্বালানি অবকাঠামো। এতে বিশ্বজুড়ে গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে এবং উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
ইরানে এযাবৎকালের 'সবচেয়ে বড় বোমা হামলার' হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আজ রাতেই (স্থানীয় সময় শনিবার) ইরানের ওপর এযাবৎকালের 'সবচেয়ে বড় বোমা হামলা' চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
বেসেন্ট বলেন, এই আক্রমণের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর 'সবচেয়ে বেশি ক্ষতি' হবে। এর মাধ্যমে দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে বলে তিনি দাবি করেন।
একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে 'অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টার' অভিযোগ আনেন। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে বিস্ফোরণ
তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে একটি বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ফুটেজে ইরানের সবচেয়ে ব্যস্ত এবং প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দরটিতে একটি জ্বলন্ত বিমান এবং প্রচুর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
শুক্রবার তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ওই সময় বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান অবস্থান করছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশ লক্ষ্য করে হামলা চালানোর খবর প্রকাশ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে 'ব্যাপক পরিসরে নতুন দফার বিমান হামলা' শুরু করার ঘোষণা দেওয়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে ৪ মার্চও এই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল।
সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করেছিল, মেহরাবাদ বিমানবন্দরে থাকা প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা এবং হেলিকপ্টার তৈরির কারখানা তাদের বিমান বাহিনীর জন্য বড় হুমকি ছিল, যা তারা ধ্বংস করে দিয়েছে।
এবারের নতুন হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ বোমাবর্ষণের শিকার হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।
তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদি আরবের
সৌদি আরবের একটি তেলক্ষেত্র ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো বড় ধরনের একটি হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি এলাকা 'এমটি কোয়ার্টার' বা রুব আল খলি-তে ছয়টি ড্রোন প্রতিহত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই ড্রোনগুলোর লক্ষ্যবস্তু ছিল শায়বাহ তেলক্ষেত্র। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তথ্য অনুযায়ী, এই তেলক্ষেত্রটি থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।
একই সঙ্গে দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে এই বিমানঘাঁটিটি ব্যবহার করেছিল মার্কিন বিমান বাহিনী।