ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। এবারও ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পাশাপাশি নিয়মিত ট্রেনের সঙ্গে ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি হবে। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।
এছাড়া, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
