উপদেষ্টারা তাদের সম্পদ বিবরণী দাখিল করবেন বলে প্রত্যাশা দুদক চেয়ারম্যানের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সম্পদ বিবরণী দাখিল করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
তিনি বলেছেন, 'আমাদের উপদেষ্টামণ্ডলীর সদস্য যারা আছেন, তারা যদি সম্পদের বিবরণী দাখিল করেন, এটা সবার কাছে তাদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেবে। আমিও প্রত্যাশা করব তারা এটি দাখিল করবেন।'
সোমবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে গণশুনানি শেষে বেলা ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "সামনে নির্বাচন। নির্বাচনে যারা সংসদে যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, তাদেরকে দেখে শুনে করব। আমরা খারাপ লোক নির্বাচিত করলে, খারাপই প্রত্যাশা আমাদের। তাই আমরা ভালো লোক নির্বাচিত করব। তাহলে ভালো ভালো প্রশাসক আসবে, আর নাহলে খারাপ লোক ঘুষখোর নিয়ে আসবেন।"
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পত্তি 'গোঁজামিল' দিয়ে ২০০৮ সালে নির্বাচন করেছেন দাবি করে দুদক চেয়ারম্যান বলেন, "সেই সময় সেটা যদি না হতো, তাহলে তিনি নির্বাচিত হতেন না, তার নমিনেশন বাতিল হয়। আর তার নমিনেশন বাতিল হলে, তিনি এমপি হন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না। তার দলও ক্ষমতায় আসতে পারত না। তাহলে দেখেন, আমরা সেই সময় তার সম্পত্তির সঠিক হিসাব নিতে পারি নাই।"
