ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা যাচ্ছে
আজ (২১ নভেম্বর) শুক্রবার সকালে সংঘটিত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানানো হয়েছে—
১. আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোন হতাহত পাইনি।
২. খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত। স্থানীয় লোকজন কর্তৃক তাকে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।
৩. বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।
৪. সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গিয়েছে।
৫. মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
৬. কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গমন করেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
৭. মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করেছে।
এদিকে, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক নবজাতক শিশু নিহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ডিভিশনের ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে।
