হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও সোহাগ সীমান্তে গরু চরাতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদির অভিযোগ করে বলেন, 'বিএসএফ সদস্যরা কোনো উসকানি ছাড়াই অতর্কিতভাবে সোহাগের ওপর গুলি চালিয়েছে।'
চুনারুঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, 'প্রথমে আমরা শুনেছিলাম বিএসএফের গুলিতে এই যুবক প্রাণ হারিয়েছেন। পরে এ ঘটনা নিয়ে যখন আমরা বিএসএফের সঙ্গে কথা বলি, তারা আমাদের নিশ্চিত করে তাদের গুলিতে এই যুবকের মৃত্যু হয়নি।'
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, 'ধারণা করা হচ্ছে, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে এই যুবকসহ কয়েকজনের দ্বন্দ্ব হয়। চোরাকারবারিদের গুলিতে সোহাগ প্রাণ হারান। ঘটনার সময় সোহাগের সঙ্গে তার এক ভাইও ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বিস্তারিত পুলিশ ও বিজিবিকে জানায়।' বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
