নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনটিতে বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন কর্মকর্তা ও অন্য কয়েকজনের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক মহড়া জোরদার করেছে।
প্রতিবেদনে একে 'স্বল্পমেয়াদি কিন্তু কড়া অভিযান' হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার কৌশল অনুশীলনের অংশ হিসেবে ইরানের পশ্চিমের প্রতিবেশী ইরাকের আকাশসীমায়ও উড়োজাহাজ ওড়ানো হয়েছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের জ্বালানি স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত।
প্রতিবেদনে উল্লিখিত কর্মকর্তাদের দাবি, ইরানে আরেক দফা বড় ধরনের হামলা চালানো হলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে কূটনৈতিক আলোচনায় ইরানকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব হতে পারে বলে তারা মনে করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিতে পারেন—এমন সম্ভাবনা কম। তবে তিনি শেষ পর্যন্ত ইরানে কোনো সামরিক পদক্ষেপের অনুমোদন না-ও দিতে পারেন।
