‘সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে’: রোববার যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা সিজেপির
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অজিঙ্ক শিন্ডে।
শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এর আগে, দিল্লিতে যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে বড় ধরনের অভিযান চালায় দিল্লি পুলিশ। এ সময় ৬,০০০-এরও বেশি আন্দোলনকারীকে আটক করা হলে দিনভর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা—অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমান থেকেই আটক করে দিল্লি পুলিশ।
অভিজিৎ দিপকের কাছ থেকে আন্দোলনের দায়িত্ব পাওয়া শিন্ডে বলেন, 'এখন থেকে জ্ঞানেশ কুমার সিইসির পদ থেকে বরখাস্ত না হওয়া পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।'
আন্দোলনে সংহতি জানাতে এসে আটক হয়েছেন 'ইন্ডিয়া' জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা। প্রতিবাদে যোগ দেওয়ার চেষ্টা করলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনরাই বিজয়ন এবং মানিক সরকারসহ একাধিক হেভিওয়েট নেতাকে আটক করে পুলিশ। যদিও, শনিবার রাতের মধ্যেই কেজরিওয়াল, মমতাসহ বেশ কিছু নেতাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে সিইসি জ্ঞানেশ কুমার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুবিধা করে দিচ্ছেন।
তবে নির্বাচন কমিশনের দাবি, তাদের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি 'বিশেষ সংশোধন'-এর অংশ, যা মৃত, দ্বৈত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক কাজ।
