বিক্ষোভ না করার মুচলেকায় সই করার দাবি প্রত্যাখ্যান, আবারও রাজপথে নামার ঘোষণা দীপকের
বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থাকার বিষয়ে কোনো ধরনের মুচলেকায় সই করার দাবি প্রত্যাখ্যান করেছেন কাকরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানের কথা জানান অভিজিৎ দীপকে।
পোস্টে তিনি স্পষ্ট করে লেখেন, 'আমরা বিক্ষোভ বা আন্দোলন করব না—এমন কোনো মুচলেকায় সই করিনি। আমরা আবারও রাজপথে নামব।'
দীপকে জানান, তিনি শনিবার (১০ অক্টোবর) মারা যাওয়া তার ঠাকুমার (দাদী) শেষকৃত্যে যোগ দিতে মহারাষ্ট্রে নিজ শহরের উদ্দেশে রওনা হচ্ছেন।
তিনি জানান, সিজেপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লিতে এক সংবাদ সম্মেলন করবেন।
এক্সে দেওয়া অন্য এক পোস্টে দীপকে লিখেছেন, 'শোকের এই মুহূর্তে পরিবারের পাশে থাকতে নিজ গ্রামে ফিরে যাচ্ছি।'
তিনি আরও যোগ করেন, 'সিজেপি পিছু হটবে না কিংবা ভিতও হবে না। এই স্বৈরাচারের শেষের সূচনা হিসেবে ১০ অক্টোবর ইতিহাসের পাতায় লেখা থাকবে।'
এর আগে রোববার সকালে ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মুক্তি পান দীপকে-সহ সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকা। শনিবার দিল্লিতে উড়োজাহাজ অবতরণের কয়েক মিনিটের মধ্যে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় এই তিনজনকে।
মুক্তির কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন দীপকে। তবে সিজেপির আইন বিষয়ক প্রধান রত্না সিং জানান, 'আগামী এক বছর শান্তিভঙ্গ করতে পারবেন না'—এমন শর্তে আদালত তাদের মুক্তি দিয়েছে।
প্রায় চব্বিশ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনা করে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি 'ভারতের লজ্জা'।
মোদির মতো 'কাপুরুষ' ও 'জুলুমবাজ' দেশ আগে কখনও দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে রোববারও মধ্য দিল্লি পুরোপুরি সিল করে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তর বন্ধ রয়েছে, দিল্লির সীমান্তজুড়ে দেওয়া হয়েছে দুর্ভেদ্য ব্যারিকেড। এছাড়া অন্তত ৩০টি পয়েন্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে যান চলাচল। শনিবার প্রায় ৭ হাজার মানুষকে আটকের পরও সিজেপি ফের রাস্তায় নামার ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
অভিজিৎ দিপকে আটক হওয়ার পর আন্দোলনের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল সিজেপি নেতা অজিঙ্কা শিন্দের হাতে। তিনি বলেছেন, আন্দোলন থামবে না। রোববার তারা আবার যন্তর মন্তরে পৌঁছনোর চেষ্টা চালাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়বেন না।
