নোবেল সপ্তাহ শুরু, চিকিৎসায় পুরস্কার পেতে পারে ‘ওজেম্পিকের’ মতো ওজন কমানোর ওষুধের গবেষণা
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ, ৫ অক্টোবর শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন একে একে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার এই পুরস্কার ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও মাউনজারোর পথ তৈরি করা গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হতে পারে বলে মনে করছেন নোবেল পর্যবেক্ষকরা।
এ ক্ষেত্রে অন্ত্রের অণুজীব নিয়ে গবেষণা, ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন লেপটিন ও ঘ্রেলিনের আবিষ্কার এবং খাবার গ্রহণের পর অন্ত্র থেকে নিঃসৃত 'গ্লুকাগন-লাইক পেপটাইড-১' বা জিএলপি-১ নিয়ে গবেষণা আলোচনায় রয়েছে। ওজেম্পিকের মতো ওষুধে এই হরমোনের কার্যপ্রক্রিয়া অনুকরণ করা হয়।
ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান ক্ল্যারিভেটের গবেষণা বিশ্লেষণ বিভাগের প্রধান ডেভিড পেন্ডলবেরি বলেন, এসব গবেষণার যেকোনো একটির স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, বিশ্বজুড়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপক প্রভাবের কারণে জিএলপি-১ গবেষণাই সবচেয়ে এগিয়ে।
এ ক্ষেত্রে কানাডার এন্ডোক্রাইনোলজিস্ট ড্যানিয়েল ড্রাকার, ডেনমার্কের চিকিৎসক জেন্স জুয়েল হোলস্ট এবং যুগোস্লাভিয়ায় জন্ম নেওয়া মার্কিন রসায়নবিদ স্বেতলানা মোইসভের নাম বেশি আলোচিত হচ্ছে।
তবে নোবেল কমিটি অন্য দিকেও যেতে পারে। ত্বকের পুনর্জন্ম ও ক্ষত সারানোর প্রক্রিয়া নিয়ে স্টেম সেল গবেষণাও পুরস্কারের জন্য বিবেচনায় আসতে পারে। এ ক্ষেত্রে মার্কিন কোষবিজ্ঞানী এলেইন ফুকস এবং ব্রিটিশ বিজ্ঞানী ফিওনা ওয়াটকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
'অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি' নামে নতুন এক ইমেজিং প্রযুক্তিও পুরস্কার পেতে পারে। আলো প্রতিফলনের মাধ্যমে শরীরের টিস্যুর উচ্চ-রেজল্যুশনের ছবি তৈরি করে এই প্রযুক্তি। বিশেষ করে চোখের রেটিনা ও অপটিক নার্ভের রোগ শনাক্ত ও পর্যবেক্ষণে এটি ব্যবহৃত হয়।
এ ছাড়া রোগ প্রতিরোধব্যবস্থায় 'অ্যাডহেশন রিসেপ্টর' নিয়ে গবেষণাও আলোচনায় রয়েছে। মার্কিন ইমিউনোলজিস্ট টিমোথি স্প্রিঙ্গার শনাক্ত করা এসব রিসেপ্টর রোগ প্রতিরোধকারী কোষকে রক্তনালির সঙ্গে যুক্ত হতে, টিস্যুতে প্রবেশ করতে এবং সংক্রমণের জায়গায় পৌঁছাতে সাহায্য করে।
স্তন ক্যানসার নিয়ে গবেষণা কিংবা করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক ডিএনএ সিকোয়েন্সিংয়ের গবেষণাও এবার স্বীকৃতি পেতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান এবং বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
সাহিত্যে এবার নারী লেখক?
বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। কেউ কেউ মনে করছেন, গত বছর হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাইকে পুরস্কার দেওয়ার পর এবার কোনো নারী লেখককে বেছে নিতে পারে সুইডিশ একাডেমি।
আর্জেন্টিনার ৪৮ বছর বয়সী লেখক সামান্তা শভেবলিন সম্ভাব্য প্রার্থীদের একজন বলে মনে করছেন সাহিত্য সমালোচক লিনা কালমতেগ।
এ ছাড়া অ্যান্টিগুয়া-আমেরিকান লেখক জামাইকা কিনকেইড, চীনের কান শুয়ে, অস্ট্রেলিয়ার জেরাল্ড মার্নেন ও অ্যালেক্সিস রাইট, যুক্তরাষ্ট্রের টমাস পিনচন এবং মেক্সিকোর ক্রিস্টিনা রিভেরা গারসার নামও আলোচনায় রয়েছে।
শান্তি পুরস্কারে সবার নজর
সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শুক্রবারের শান্তিতে নোবেল। নোবেলের একমাত্র পুরস্কার হিসেবে এটি নরওয়ের অসলোতে দেওয়া হয়।
গত বছর ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়ার পর বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবার কমিটি এমন কাউকে বেছে নিতে পারে, যিনি তুলনামূলকভাবে ব্যাপক ঐকমত্য তৈরি করতে পারবেন বলে ধারণা করছেন কিছু বিশেষজ্ঞ।
গত বছর শান্তিতে নোবেল পাওয়ার জন্য জোরালো প্রচারণা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত মাচাদো তাঁর নোবেল পদক ট্রাম্পকে দিয়ে দেন। এবারও ট্রাম্প বিষয়টির দিকে নজর রাখবেন বলে মনে করা হচ্ছে।
নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, পুরস্কারের জন্য সবসময়ই অনেক তদবির থাকে এবং কখনো কখনো কমিটির ওপর চাপ সৃষ্টির চেষ্টাও হয়। তবে তারা এসব পরিস্থিতিতে অভ্যস্ত।
এবার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে 'সেভ দ্য চিলড্রেন' ও ইউক্রেনের শিশু অধিকারকর্মী মিকোলা কুলেবাকে যৌথভাবে পুরস্কার দেওয়ার প্রস্তাব। দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার জন্য কাজ করছেন কুলেবা।
এ ছাড়া যুদ্ধ ও দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের সহায়তায় কাজ করা সুদানের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক 'ইমার্জেন্সি রেসপন্স রুমস' এবং ২০২৫ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর পার করার পর 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' বা সিপিজের নামও আলোচনায় রয়েছে।
১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।
