‘শক্তিশালী ও সুন্দর’: যেসব কারণে শরীরে চর্বি থাকা জরুরি
হরমোন নিঃসরণ থেকে শুরু করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে শরীরে চর্বির নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ বহু বছর ধরে চর্বিকে একপ্রকার খলনায়ক বানিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ডায়েট নির্দেশিকায় এটি পোড়ানোর কথা বলা হয়, খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো 'লো-ফ্যাট' (স্বল্প চর্বিযুক্ত) পণ্যের বিপণন করে এবং শরীরচর্চার প্ল্যাটফর্মগুলোতে শরীরে চর্বির মাত্রা যতটা সম্ভব কমানোর পরামর্শ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বোলালেই পেশিবহুল ও মেদহীন শরীর বা 'গেট শ্রেডেড' হওয়ার নানা পরামর্শ দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রোগা বা পাতলা হওয়ার প্রবণতা আবারও ফিরে আসছে। কিছু ক্ষেত্রে ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তাও এ প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে। অতিরিক্ত চর্বি যেমন স্বাস্থ্যের ক্ষতি করে ও স্থূলতার জন্ম দেয়, তেমনি চর্বির মাত্রা খুব কমে যাওয়াও শরীরের জন্য ভালো নয়। শরীর থেকে চর্বি পুরোপুরি দূর করার চেষ্টা সামাজিক ও মানসিক ক্ষতির পাশাপাশি শরীরের জৈবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ও এন্ডোক্রিনোলজিস্ট এলিফ ওরাল বলেন, 'আমাদের শরীরের চর্বিকে ভালোবাসতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জৈবিক কাজ সম্পন্ন করে থাকে।'
তাহলে শরীরে আসলে কতটা চর্বি প্রয়োজন? আর চর্বি অতিরিক্ত কমে যাওয়াই বা কেন ক্ষতিকর?
শরীরের চর্বি কেন জরুরি
সাধারণভাবে চর্বি দুই ধরনের—খাবারের চর্বি (ডায়েটারি ফ্যাট) এবং শরীরের চর্বি (বডি ফ্যাট)। খাবারের মাধ্যমে আমরা যে চর্বি গ্রহণ করি, সেটি খাদ্যের চর্বি। আর শরীরের চর্বি হলো অপ্রয়োজনীয় শক্তি জমিয়ে রাখার প্রাকৃতিক ব্যবস্থা।
খাবারের চর্বি, শর্করা ও প্রোটিন ভেঙে শরীরের জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী উপাদানে পরিণত হয়। শর্করা গ্লুকোজে, প্রোটিন অ্যামিনো অ্যাসিডে এবং চর্বি ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। প্রয়োজনের তুলনায় নিয়মিত বেশি ক্যালরি গ্রহণ করলে 'অ্যাডিপোসাইট' নামের চর্বিকোষ বাড়তি পুষ্টি লিপিড হিসেবে জমিয়ে রাখে। ফলে চর্বিকোষের আকার বাড়ে।
তবে চর্বি কেবল নিষ্ক্রিয়ভাবে জমা থাকে না; এটি শরীরের কার্যক্ষমতা নিয়ন্ত্রণকারী একটি সক্রিয় অঙ্গ। 'গোল্ডিলকস অ্যান্ড দ্য থ্রি বেয়ার্স' গল্পের মতো শরীরও সবচেয়ে ভালো কাজ করে যখন সবকিছু 'সঠিক মাত্রায়' থাকে। চর্বি অতিরিক্ত থাকা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি প্রয়োজনের চেয়ে কম থাকাও বিপজ্জনক।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপক মিকায়েল রাইডেন বলেন, শরীরের চর্বিকে বিশেষায়িত একটি 'সংরক্ষণাগার' হিসেবে দেখা যায়। শক্তি উদ্বৃত্ত থাকলে এটি পুষ্টি জমিয়ে রাখে এবং প্রয়োজন হলে তা ছেড়ে দেয়। খাদ্যসংকটের সময়ে এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষদের টিকে থাকতে সহায়তা করেছিল।
চর্বির আরেকটি বড় ভূমিকা হলো শরীরের সঙ্গে যোগাযোগ রাখা। চর্বিকোষ থেকে এমন হরমোন নিঃসৃত হয়, যা শরীরে শক্তির মাত্রা ও পেট ভরার সংকেত দেয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো 'লেপটিন'।
ওরাল বলেন, 'লেপটিন মস্তিষ্ককে জানায় যে পর্যাপ্ত শক্তি সঞ্চিত আছে, তখন মস্তিষ্ক নিশ্চিন্ত হতে পারে।' এর ফলে শরীর প্রজনন ও রোগ প্রতিরোধের মতো জরুরি জৈবিক প্রক্রিয়ায় মনোযোগ দিতে পারে। লেপটিন না থাকলে মস্তিষ্কে শক্তির অভাব নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং প্রয়োজনীয় শারীরিক কার্যক্রমগুলো গুরুত্ব হারাতে শুরু করে।
শরীর উষ্ণ রাখতেও চর্বির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাদা চর্বি অতিরিক্ত শক্তি জমিয়ে রাখার পাশাপাশি শরীরকে আবরণের মতো উষ্ণ রাখে। অন্যদিকে বাদামি ও বেইজ চর্বির বিশেষ কোষ শক্তি পুড়িয়ে তাপ তৈরি করে। এতে শরীরের তাপমাত্রা বজায় থাকে।
শরীরে চর্বির ঘাটতি হলে যা ঘটে
অতিরিক্ত চর্বির ক্ষতিকর দিকগুলো পরিচিত। এর ফলে হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস, নির্দিষ্ট কিছু ক্যানসার ও অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। তবে চর্বির মাত্রা খুব কমে যাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো নয়।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসিকা মাউং বলেন, অতিরিক্ত ক্যালরি সংকোচনের কারণে শরীরের চর্বি অনেক কমে গেলে স্বাস্থ্য ও শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব পড়ে। তিনি বলেন, 'এডিপোজ টিস্যু অতিরিক্ত কমে গেলে অঙ্গপ্রত্যঙ্গ ও শরীরের স্বাভাবিক কার্যকারিতা বিঘ্নিত হয়।'
চর্বি কমে গেলে শক্তি বাঁচানোর জন্য শরীর স্বয়ংক্রিয়ভাবে 'স্টারভেশন মোডে' (অনাহার অবস্থা) চলে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ হতে শুরু করে। শক্তির সঞ্চয় শেষ হলে শরীর পেশি ভাঙতে শুরু করে এবং হাড়ের গঠন ও ক্ষয়পূরণ বাধাগ্রস্ত হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটাবলিক মেডিসিনের অধ্যাপক ফ্রেডরিক কার্পে বলেন, 'এটি কোনো স্বাস্থ্যকর পরিস্থিতি নয়।' এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়ে। গুরুতর সংক্রমণ বা অন্য কোনো জরুরি শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করার মতো শক্তিও তখন শরীরে থাকে না।
চর্বির ঘাটতি হরমোন ও প্রজননস্বাস্থ্যেও প্রভাব ফেলে। অতিরিক্ত রোগা পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা, শক্তি ও শারীরিক কর্মক্ষমতা কমে যেতে পারে। অত্যন্ত কম চর্বিযুক্ত নারী অ্যাথলেটদের ক্ষেত্রে ঋতুস্রাব অনিয়মিত হতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মধ্য ও বয়োবৃদ্ধ বয়সে কিছুটা অতিরিক্ত ওজন থাকা গুরুতর অসুস্থতায় বেঁচে থাকার সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত। যেমন, স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের হৃদ্রোগের ঝুঁকি বেশি হলেও রোগা ব্যক্তিদের তুলনায় এতে মৃত্যুর হার অপেক্ষাকৃত কম—চিকিৎসাবিজ্ঞানে যা 'ওবেসিটি প্যারাডক্স' নামে পরিচিত। ওরালের মতে, চর্বির এই সঞ্চয় হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্যান্য জটিল শারীরিক পরিস্থিতিতে শরীরকে টিকে থাকতে সহায়তা করে।
চর্বির মাত্রা অত্যন্ত কমে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। যেমন, 'অ্যানোরেক্সিয়া নার্ভোসা' নামের মানসিক ব্যাধির কারণে গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।
শরীরে আসলে কতটা চর্বি প্রয়োজন?
নিজের শরীরে কতটা চর্বি রয়েছে, তা নির্ভুলভাবে মাপা কঠিন। সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট আদর্শ শতাংশও নেই; ব্যক্তিভেদে প্রয়োজন ভিন্ন।
মোটামুটি হিসাবে, সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে সাধারণত ১০ থেকে ২০ শতাংশ এবং নারীর ক্ষেত্রে ২০ থেকে ২৯ শতাংশ চর্বি থাকে। স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের শরীরে চর্বির পরিমাণ সাধারণত ৩০ শতাংশের বেশি।
আদর্শ পরিমাণ কত হওয়া উচিত, সে বিষয়ে রাইডেন বলেন, 'ঠিক কতটা হওয়া উচিত, তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। ব্যক্তি, লিঙ্গ ও জাতিগত পার্থক্যের কারণে এই মাত্রা ভিন্ন হতে পারে।'
অ্যাথলেটদের শরীরে সাধারণত চর্বির পরিমাণ আরও কম থাকে। ডেট্রয়েটের ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক তামারা হিউ-বাটলার ও তার সহকর্মীরা ডেক্সা স্ক্যানার দিয়ে ৭০০-এর বেশি অ্যাথলেটের শরীর পরীক্ষা করেছেন। এই যন্ত্র শরীরের চর্বি, পেশি ও হাড়ের গঠন আলাদাভাবে পরিমাপ করতে পারে।
হিউ-বাটলার বলেন, 'আমরা কোনো অ্যাথলেটের শরীরে সবচেয়ে কম যে পরিমাণ চর্বি পেয়েছি, তা ছিল একজন পুরুষের ক্ষেত্রে ১০ শতাংশ এবং একজন নারীর ক্ষেত্রে ১৬ শতাংশ।' গবেষণায় অংশ নেওয়া কয়েকজন এতে অবাক হয়েছিলেন। কারণ, নিয়মিত প্রশিক্ষণ নেওয়া এসব অ্যাথলেটের কেউ কেউ মনে করতেন, তাদের শরীরে চর্বির পরিমাণ ১ থেকে ২ শতাংশের মতো।
শরীরের কোথায় চর্বি জমছে, সেটিও গুরুত্বপূর্ণ। ভিসেরাল ফ্যাট বা পেটের ভেতরের চর্বি অতিরিক্ত হলে বিশেষভাবে ক্ষতিকর। এটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ঘিরে থাকে এবং প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক নিঃসরণ করে। এতে রক্তচাপ বাড়ে, ইনসুলিনের কার্যক্রমে বাধা পড়ে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
যেভাবে শরীরের চর্বি মাপবেন
শরীরে মোট কতটা চর্বি রয়েছে, তা মাপার কয়েকটি পদ্ধতি রয়েছে। সবচেয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় ডেক্সা ফুল-বডি স্ক্যান থেকে। এতে শরীরের চর্বি, পেশি ও হাড়ের পরিমাণ আলাদাভাবে জানা যায়। তবে এ জন্য বিশেষায়িত যন্ত্রের প্রয়োজন হয় এবং খরচও বেশি।
বাড়িতে ব্যবহারের একটি পদ্ধতি হলো স্কিনফোল্ড টেস্ট। এতে বিশেষ ক্যালিপার দিয়ে ত্বকের নিচের চর্বির স্তরের পুরুত্ব মাপা হয়। তবে নির্দিষ্ট কিছু অংশের চর্বিই এতে মাপা যায় এবং ভিসেরাল ফ্যাট সরাসরি মাপা সম্ভব নয়।
স্মার্ট স্কেলও শরীরে চর্বির পরিমাণ অনুমান করতে পারে। তবে শরীরে তরলের পরিমাণের ওপর ফলাফল বদলে যেতে পারে বলে এগুলোকে খুব নির্ভুল ধরা হয় না। এসব যন্ত্র শরীরের কোথায় চর্বি জমেছে বা ভিসেরাল ফ্যাট ও অন্যান্য চর্বির মধ্যে পার্থক্যও করতে পারে না।
সুস্থ থাকার জন্য শরীরে চর্বির পরিমাণ এত বিস্তারিতভাবে মাপার প্রয়োজন সাধারণত নেই। তবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং শরীরে কোথায় চর্বি জমছে, তা বোঝার জন্য কোমর-উচ্চতার অনুপাত ও কোমর-নিতম্বের অনুপাত কাজে আসতে পারে।
কোমর-উচ্চতার অনুপাত বের করতে কোমরের মাপ নিয়ে তা উচ্চতা দিয়ে ভাগ করতে হয়। স্বাস্থ্যকর মাত্রা সাধারণত ০.৪ থেকে ০.৪৯। কোমর-নিতম্বের অনুপাতের ক্ষেত্রে পুরুষের ০.৯০-এর বেশি এবং নারীর ০.৮৫-এর বেশি হলে তা বেশি হিসেবে ধরা হয়। কোমরের চারপাশে অতিরিক্ত চর্বি বিপাকীয় স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত দিতে পারে।
শরীরে চর্বির পরিমাণ বোঝার ক্ষেত্রে বডি মাস ইনডেক্স (বিএমআই) অবশ্য নির্ভুল নয়। কারণ, এটি শরীরের চর্বি ও পেশির পার্থক্য করতে পারে না। ফলে বেশি পেশি ও খুব কম চর্বিযুক্ত ব্যক্তিরও বিএমআই বেশি হতে পারে।
বয়স বাড়ার সঙ্গে শরীরে চর্বির পরিমাণ বাড়ে এবং পেশি ও হাড়ের পরিমাণ কমে। এর ফলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই ভালো খাবার খাওয়া, ব্যায়াম করা এবং শক্তিবর্ধক প্রশিক্ষণে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ।
তবে চর্বি শরীরের জন্য যেসব গুরুত্বপূর্ণ কাজ করে, সেগুলোর মূল্যায়ন করা উচিত। চর্বি যতটা সম্ভব কমিয়ে ফেলার লক্ষ্যে অতিরিক্ত মনোযোগ না দিয়ে শরীরে প্রয়োজনীয় পরিমাণ চর্বি রাখাই গুরুত্বপূর্ণ। ওরালের ভাষায়, 'আমরা বিশ্বাস করি, চর্বি শক্তিশালী এবং সুন্দর—দুই-ই।'
