৮৭ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে বিক্ষোভ, নতুন আবাসন নীতিতে উচ্ছেদে নিষেধাজ্ঞা স্পেনের
রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের মুখে নতুন আবাসন নীতিমালা অনুমোদন করেছে স্পেনের জোট সরকার। প্রস্তাবিত এই নীতিমালার আওতায় ২০৩০ সাল পর্যন্ত সাধারণ ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত দুটি জরুরি ডিক্রি (নির্বাহী আদেশ) অনুমোদন পায়। অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশ দুটি আগামী এক মাসের মধ্যে দেশটির পার্লামেন্টে পাস হতে হবে। তবে সংখ্যালঘু পেদ্রো সানচেজ সরকারের জন্য পার্লামেন্টে ডানপন্থী দলগুলোর সমর্থন আদায় করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নতুন নীতিমালার আওতায় ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ নিষেধাজ্ঞার পাশাপাশি ২০২৮ সাল পর্যন্ত বর্তমান ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারী সংস্থাগুলোর (ভালচার ফান্ড) আবাসিক সম্পত্তি কেনা নিষিদ্ধ করা এবং স্বল্পমেয়াদি ও একক কক্ষ ভাড়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া জানিয়েছেন, নতুন পদক্ষেপে ৫০ লাখের বেশি মানুষ উপকৃত হবে। তবে মধ্য-ডানপন্থী জুনতস দলের মুখপাত্র মিরিয়াম নোগেরাস বলেন, এতে ছোট বাড়ির মালিকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।
গার্সিয়া জানান, নতুন ব্যবস্থায় স্বল্পমেয়াদি ও কক্ষ ভাড়ার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞাও থাকবে। তিনি বলেন, 'এখন জল্পনাভিত্তিক আবাসন বাজারে হস্তক্ষেপ করে সাধারণ মানুষ ও ভ্যালচার ফান্ডগুলোর মধ্যে ভারসাম্য আনার সময় এসেছে।'
স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেন, এই পদক্ষেপে ৫০ লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন। তিনি মন্তব্য করেন, 'ফটকাবাজ আবাসন বাজারে এখনই হস্তক্ষেপ করার এবং সাধারণ নাগরিক ও ভালচার ফান্ডের মধ্যে ভারসাম্য তৈরির সময় এসেছে।' মাঠে থাকা আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, 'আপনাদের অবস্থান ও বিক্ষোভ ছাড়া এটি সম্ভব হতো না।'
তবে সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে মধ্য-ডানপন্থী দল জুনতস। দলটির মুখপাত্র মিরিয়াম নোগুয়েরাস বলেন, 'আমরা সবাই একমত যে, কোটি কোটি ইউরোর তহবিল পরিচালনাকারী বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদ করা বন্ধ করা উচিত। তবে যারা নিজেদের জমানো টাকা দিয়ে একটি ফ্ল্যাট বা রেস্তোরাঁয় বিনিয়োগ করেছেন, তাদেরও একই পাল্লায় মাপা বড় ভুল।'
সরকারের এ উদ্যোগের সূত্রপাত ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে মাদ্রিদে তার বাসা থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই নারীকে স্ট্রেচারে করে জোরপূর্বক ফ্ল্যাট থেকে বের করে দিলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৫৬ সালে আবাসকালের বাবা ওই বাসা ভাড়া নিয়েছিলেন। বাবা-মায়ের মৃত্যুর পরও তিনি সেখানে থাকতেন।
২০১৮ সালে 'উরবাগেস্তিওন' নামের একটি বিনিয়োগ সংস্থা ভবনটি কিনে নেওয়ার পর তার মাসিক পেনশনের চেয়েও বেশি ভাড়া নির্ধারণ করে। সম্প্রতি কোম্পানির সঙ্গে সমঝোতা হওয়ায় তিনি বাড়িটিতে ফেরার সুযোগ পাচ্ছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী মাদ্রিদ ছাড়াও বার্সেলোনা, সেভিল, মালাগা ও কাদিজসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
আবাসনমন্ত্রী ইসাবেল রদ্রিগেজ রাজনৈতিক দলগুলোকে ডিক্রিগুলো সমর্থনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'কংগ্রেসের সুযোগ আছে মারিকারমেনকে বলার যে তার কষ্ট বৃথা যায়নি এবং তার লড়াইয়ে অনেক মানুষ উপকৃত হবে।'
তবে মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, তাদের লড়াই 'মাত্র শুরু হয়েছে'। আগামী সপ্তাহান্তে দেশজুড়ে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।
স্পেনের সংখ্যালঘু সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে ডিক্রিগুলো কার্যকর করতে বিরোধী দলগুলোর সমর্থন প্রয়োজন হবে। আবাসন বাজারে ভাড়াটিয়াদের পক্ষে হস্তক্ষেপের বিষয়ে ডানপন্থী দলগুলোর আপত্তি থাকায় প্রস্তাবগুলো পাস করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ব্যাংক অব স্পেনের হিসাব অনুযায়ী, নতুন বাড়ি নির্মাণ ও চাহিদার ব্যবধান বিবেচনায় দেশটিতে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে বাড়ির দাম ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আইডিয়ালিস্তার হিসাব অনুযায়ী, বাড়ির ঘাটতির কারণে ২০২৫ সালে ভাড়ার খরচ ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মাদ্রিদে বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির হিসাবে বলা হয়েছে, স্পেনে সবচেয়ে বেশি ভাড়া দিতে হয় বার্সেলোনা ও মাদ্রিদে। শহর দুটিতে প্রতি বর্গমিটার বাড়ির মাসিক ভাড়া যথাক্রমে ২৩ দশমিক ৮০ ও ২২ দশমিক ৭০ ইউরো।
