রণতরি আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মার্কিন নৌবাহিনীর
মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে কেন্দ্র করে গঠিত নৌবহরে দায়িত্ব পালন করা আট নাবিক দীর্ঘমেয়াদি সামরিক মোতায়েনের সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও।
নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে মঙ্গলবার দেওয়া এক চিঠিতে তিনি এ তথ্য প্রকাশ করেন। দীর্ঘদিনের সামরিক অভিযানে থাকা নাবিকদের কল্যাণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সিনেটর গিলিব্র্যান্ড এসব প্রশ্ন করেছিলেন।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনের সময় নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
গত বছরের নভেম্বর থেকে মোতায়েন অবস্থায় থাকা রণতরিটি এখন যুক্তরাষ্ট্রে ফিরছে। এ বিষয়ে বিবিসি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চেয়েছে।
হাং কাও তার চিঠিতে বলেন, নাবিকদের 'আধ্যাত্মিক ও মানসিক প্রয়োজন' পূরণে সহায়তা করার জন্য জাহাজে পাঁচজন ধর্মীয় পরামর্শদাতা এবং একাধিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন।
তিনি বলেন, ওই আটজন নাবিকের মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনের নিজস্ব নাবিকদের পাশাপাশি বিমানবাহী রণতরিতে থাকা বিমানবাহিনী, নৌবহরের সদর দপ্তর, ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের কর্মী, সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলোর নাবিক এবং জাহাজে মোতায়েন করা সব বিমান স্কোয়াড্রনের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রণতরিটিতে সরবরাহসংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও আব্রাহাম লিংকনে মানসিক স্বাস্থ্য সংকট তৈরি হয়েছিল বলে অস্বীকার করে। জাহাজটিতে প্রায় পাঁচ হাজার নাবিক ও কর্মী ছিলেন।
হাং কাওয়ের চিঠিতে পানির পাইপলাইনে ব্যাপক সমস্যা এবং তাজা খাবারের ঘাটতির বিষয়ে ছড়িয়ে পড়া উদ্বেগও অস্বীকার করা হয়। তবে চিঠিতে কিছু সময়ের জন্য 'নির্দিষ্ট কিছু এলাকায় পাইপলাইনে ত্রুটি' এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ যন্ত্রে সমস্যার কথা স্বীকার করা হয়েছে। এ ছাড়া অল্প সময়ের জন্য খাবারের কিছু বিকল্প কমে গিয়েছিল বলেও জানানো হয়েছে।
সিনেটর গিলিব্র্যান্ড সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য। তিনি ভয়াবহ পরিস্থিতির প্রতিবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের আগের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। সেনাসদস্যদের সঙ্গে এমন আচরণকে তিনি 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন।
বুধবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যে বিষয়গুলোকে "ভুয়া খবর" বলে উড়িয়ে দিয়েছিলেন, সেগুলোই শেষ পর্যন্ত আমাদের সেনাসদস্যদের জন্য গুরুতর ও ক্রমাবনতিশীল পরিস্থিতি হিসেবে প্রমাণিত হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমাদের সেনাসদস্য এবং তাদের পরিবারগুলো প্রতিদিন অপরিসীম ত্যাগ স্বীকার করেন। অথচ প্রেসিডেন্ট তাদের প্রতি প্রকাশ্য অসম্মান দেখিয়ে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।'
গত বছরের নভেম্বরে রণতরিটি ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের উদ্দেশে যাত্রা করে। ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর আগে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এই সামরিক মোতায়েনের মেয়াদ প্রথমে মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে তা বারবার বাড়ানো হয়।
আগস্টে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের একটি বিমানবাহী রণতরিকে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত করতে পাঠানো হয়। এর আগে আব্রাহাম লিংকন নয় মাস ধরে মোতায়েন ছিল।
যুক্তরাষ্ট্রের নাবিকেরা দেশে ফেরার পথে থাইল্যান্ডে যাত্রাবিরতি করেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে স্থলভাগে প্রথমবারের মতো সময় কাটিয়ে তাঁরা পানশালা, বিপণিবিতান ও সমুদ্রসৈকত এলাকায় যান।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও মেরিন কোরে আত্মহত্যা এখনো মৃত্যুর অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিষয়ক সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ সামরিক বাহিনীর উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কখনো দায়িত্ব পালন না করা নাগরিকদের তুলনায় সাবেক সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার হার বেশি বলে জানিয়েছে ভেটেরান্স অ্যাডমিনিস্ট্রেশন।
২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ৯৫৬ জন নাবিকের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যান্য শাখার তুলনায় নৌবাহিনীর জাহাজে থাকা সেনাসদস্যদের মধ্যে 'গুরুতর মানসিক চাপের' হার সবচেয়ে বেশি।
গবেষণাটিতে বলা হয়েছে, এর পেছনে জাহাজে বসবাসের অনুপযোগী পরিবেশ, অতিরিক্ত শব্দ এবং এমন কঠোর কর্মসূচি ও সময়সূচির মতো 'অন্যান্য চাপ সৃষ্টিকারী বিষয়' রয়েছে, যার কারণে ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না।
