হরমুজ প্রণালির কাছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের গুঞ্জন, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ইরান মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩জি সেন্ট্রি বিমান ভূপাতিত করেছে।
শুক্রবার ভোরে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হরমুজ প্রণালির কাছে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩জি সেন্ট্রি বিমান জরুরি সংকেত পাঠায়। এর কিছুক্ষণ পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
রুশ সম্প্রচারমাধ্যম আরটি নিউজও ফ্লাইটরাডার২৪-এর এই তথ্য প্রকাশ করে। তারা জানায়, বিমানটি জরুরি ট্রান্সপন্ডার কোড ৭৭০০ সক্রিয় করেছিল।
তথ্য অনুযায়ী, জরুরি সংকেত দেওয়ার সময় বিমানটি ১৯ হাজার ২৭৫ ফুট উচ্চতায় উড়ছিল। তখন এর গতি ছিল ঘণ্টায় ৮৫২ কিলোমিটার। এর কিছুক্ষণ পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে দাবি করা হয়।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে এখনো বিমানটি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, হরমুজ প্রণালি নিয়ে চলমান সংঘাতের মধ্যেই ইরান বিমানটি ভূপাতিত করে থাকতে পারে।
বোয়িং ই-৩জি সেন্ট্রি আকাশ থেকে নজরদারি ও সামরিক অভিযান নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। এটি মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের একটি।
১৯৯৮ সালে প্রতিটি বিমান ২৭০ মিলিয়ন ডলারের বেশি দামে কেনা হয়েছিল। বর্তমানে মার্কিন বিমানবাহিনীর বহরে এ ধরনের ৩১টি বিমান রয়েছে।
বিভিন্ন সামরিক ঘাঁটির বিমান অভিযানে আকাশে ভাসমান কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবেও এটি কাজ করে।
