৫৫ বিলিয়ন ডলারে ভিডিও গেম নির্মাতা ‘ইএ’ কিনে নিল সৌদি-নেতৃত্বাধীন কনসোর্টিয়াম
বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান 'ইলেকট্রনিক আর্টস' (ইএ)-কে রেকর্ড ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন বিনিয়োগকারীকারীদের একটি জোট বা কনসোর্টিয়াম। গেমিং খাতের ইতিহাসে এটি অন্যতম সর্ববৃহৎ মালিকানা হস্তান্তরের ঘটনা।
এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আর শেয়ারবাজারে কেনাবেচাকারী বা পাবলিকলি ট্রেইডেড প্রতিষ্ঠান হিসেবে থাকবে না; অর্থাৎ এটি পুরোপুরি ব্যক্তিমালিকানাধীন কোম্পানিতে পরিণত হবে।
সৌদি আরবের সার্বভৌম তহবিল- পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর নেতৃত্বে গড়ে ওঠা এই কনসোর্টিয়ামে অন্যান্য অংশীদার হিসেবে রয়েছে প্রাইভেট ইকুইটি ফার্ম 'সিলভার লেক' এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'অ্যাফিনিটি পার্টনার্স'।
ইএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গত ৩০ জুলাইয়ের মধ্যেই চুক্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের নিয়ন্ত্রক সংস্থার (রেগুলেটরি) অনুমোদন পাওয়া গেছে। আগামী ৪ আগস্টের মধ্যে মালিকানা হস্তান্তরের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মার্জার বা একত্রীকরণ সংক্রান্ত বিধিমালা এবং ব্লকটির 'ফরেন সাবসিডিজ রেগুলেশন'-এর আওতায় এই মেগা চুক্তিটি অনুমোদন লাভ করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ঘোষিত এই চুক্তিটিকে বৈশ্বিক করপোরেট বাণিজ্যের ইতিহাসে সবচেয়ে বড় 'লিভারেজড বাইআউট' (অন্যের মূলধন ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান কিনে নেওয়া) হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন এই মালিকানা কাঠামোর অধীনে ইএ-র সিংহভাগ অর্থাৎ ৯৩.৪ শতাংশ শেয়ার থাকবে সৌদি সার্বভৌম ফান্ডের হাতে। অন্যদিকে সিলভার লেক ৫.৫ শতাংশ এবং অ্যাফিনিটি পার্টনার্স ১.১ শতাংশ শেয়ারের মালিক হবে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ভিডিও গেম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইএ বিশ্বজুড়ে 'ইএ স্পোর্টস এফসি' (সাবেক ফিফা গেম সিরিজ), 'ব্যাটেলফিল্ড', 'দ্য সিমস' এবং 'ম্যাডেন এনএফএল'-এর মতো জনপ্রিয় গেমিং ফ্র্যাঞ্চাইজি তৈরির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বখ্যাত এই গেমিং জায়ান্টকে কিনে নেওয়ার মধ্য দিয়ে ভিডিও গেম ও স্পোর্টস খাতে সৌদি আরবের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের চেষ্টাই উঠে এসেছে। খনিজ তেলের ওপর একক নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার যে লক্ষ্য সৌদি আরব নিয়েছে, এই মেগা চুক্তি তারই অন্যতম একটি পদক্ষেপ।
