দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
এই সপ্তাহে ইসরায়েলের দুই নারী সেনা আত্মহত্যা করেছেন। এতে চলতি বছরের সাত মাসে আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
জানা যায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে।
ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, মিসর-ইসরায়েল সীমান্তে মোতায়েন করা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়লের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন।
পত্রিকাটি জানায়, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আরেকদিকে, মধ্য ইসরায়েলের রামাত হাশারনের কাছে গ্লিলট সামরিক ঘাঁটিতে কর্মরত ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের এক নারী সেনা রোববার আত্মহত্যা করেন বলে জানিয়েছে হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়, তিনি একটি গোপনীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।
হারেৎজ জানিয়েছে, দুই ঘটনারই কারণ অনুসন্ধানে সামরিক পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ সদস্যসহ অন্তত আরও ৯ জন সেনা দায়িত্বে না থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন।
এর আগে হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে কর্মরত ২২ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছিলেন। গত ১৫ বছরের মধ্যে এটি ছিল ইসরায়েলি সেনাবাহিনীতে এক বছরে সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা।
