ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পকে ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ পারমাণবিক স্থাপনার গোয়েন্দা তথ্য দেবেন
ইরানের রহস্যময় 'পিক্যাক্স মাউন্টেন'-এর পারমাণবিক স্থাপনায় তেহরান নতুন করে কার্যক্রম জোরদার করছে—এমন গোয়েন্দা তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের একটি সূত্রের বরাত দিয়ে নিজেদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
সূত্রটি আরও দাবি করেছে, ইরান শান্তি আলোচনা চালিয়ে যেতে আগ্রহী বলে যে অবস্থান প্রকাশ করছে, বাস্তবে তা সঠিক নয়।
হোয়াইট হাউসে মঙ্গলবার (২৮ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চলমান ইরান যুদ্ধ ও তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
সূত্রটির ভাষ্যমতে, বৈঠকে নেতানিয়াহুর প্রতিনিধিদল ইরানের সাম্প্রতিক পারমাণবিক তৎপরতার প্রমাণ উপস্থাপন করবে। তেহরান বর্তমানে আন্তরিকভাবে আলোচনা করছে না— এটি প্রমাণ করাই তাদের উদ্দেশ্য।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২০ সালে নির্মাণকাজ শুরুর পর প্রথমবারের মতো ইরানের 'পিক্যাক্স মাউন্টেন' স্থাপনাটিতে পারমাণবিক সেন্ট্রিফিউজ পৌঁছানোর প্রমাণ পেয়েছে ইসরায়েল।
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে কোলাং পর্বতের ৩০০ ফুটেরও বেশি গভীরে অবস্থিত এই ঘাঁটিকে দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ বলে সন্দেহ করা হচ্ছে।
তবে এর আগে সেখানে পারমাণবিক তৎপরতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পও অতীতে ইরানে হামলার সময় এই কারণ দেখিয়েই স্থাপনাটিতে আঘাত না করার কথা উল্লেখ করেছিলেন।
গত সপ্তাহেও ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, 'পিক্যাক্স মাউন্টেনে' কোনো তৎপরতার তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই। তবে সম্প্রতি তিনি স্থাপনাটিতে হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
একই সঙ্গে মার্কিন বাহিনী সেখানে অভিযান চালিয়ে ইরানের মাটির নিচে সংরক্ষিত বলে ধারণা করা শত শত পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের প্রস্তুতি নিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
জেরুজালেমের ওই সূত্র আরও দাবি করেছে, ইসরায়েল এমন তথ্যও উপস্থাপন করবে, যাতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির পরও ইরান আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠন শুরু করেছে।
সূত্রটির মতে, এসব গোয়েন্দা তথ্য প্রমাণ করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনার সময়ও ইরান তার পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে আন্তরিক নয়।
হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধে নতুন আলোচনা শুরু হওয়ায় প্রায় দুই সপ্তাহের বোমা হামলা অভিযান গত সপ্তাহের শেষ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।
এছাড়া নেতানিয়াহু ট্রাম্পকে লেবানন ও গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার অগ্রগতির বিষয়েও অবহিত করবেন বলে জানা গেছে। ইসরায়েলের অভিযোগ, ওই দুই অঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।
