বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি হস্তান্তর: শুভেন্দু
বাংলাদেশ সীমান্তবর্তী ৯টি জেলায় প্রয়োজনীয় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, 'আজ পর্যন্ত এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ১৭২ দশমিক ৬ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।'
মুখ্যমন্ত্রী শুভেন্দুর দেওয়া জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে ৪৫ দশমিক ৪ কিলোমিটার সীমান্ত জুড়ে ৩৩৭ একর জমি হস্তান্তর করা হয়েছে। এর পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা, যেখানে ৪২ দশমিক ০৭ কিলোমিটার সীমান্ত জুড়ে দেওয়া হয়েছে ২৪১ দশমিক ০৩ একর জমি।
অন্য সাতটি জেলার মধ্যে কোচবিহারে ৩৯ দশমিক ৩৯ কিলোমিটার সীমান্তে ১৩৫ দশমিক ৩৩ একর, মালদহে ২০ দশমিক ১৫ কিলোমিটারে ১৭৬ দশমিক ৭৮ একর, নদীয়ায় ১৪ দশমিক ৭৯ কিলোমিটারে ৯৫ দশমিক ১১ একর, দক্ষিণ দিনাজপুরে ৭ দশমিক ৭৫ কিলোমিটারে ২৬ দশমিক ৪১ একর, দার্জিলিংয়ে ১ দশমিক ৪৫ কিলোমিটারে ৪ দশমিক ৩১ একর, উত্তর দিনাজপুরে ১ দশমিক ২৮ কিলোমিটারে ৬ দশমিক ৬১ একর এবং জলপাইগুড়িতে দশমিক ৩১ কিলোমিটারে ২ দশমিক ১৭ একর জমি হস্তান্তর করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'নাগরিকদের জন্য আরও নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পগুলো সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সরকার দৃঢ়প্রতিজ্ঞ।'
তিনি আরও যোগ করেন, 'সীমান্ত শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ভারত-বাংলাদেশ সীমান্তকে নিরাপদ করার প্রতিশ্রুতি রক্ষার্থে আমরা প্রয়োজনীয় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করেছি।'
