'ব্যাটল অভ দ্য ড্রোনস': ড্রোন যুদ্ধ নিয়ে টিভি রিয়েলিটি শো আনছে রাশিয়া; অংশ নেবেন সেনা, শিক্ষার্থী ও তারকারা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পরিকল্পিত রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান 'ব্যাটল অব দ্য ড্রোনস'-এর প্রশংসা করেছেন এবং বলেছেন, এর প্রচারণামূলক সম্ভাবনা "অত্যন্ত কার্যকর"।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে এতে সামরিক অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষার্থী, ব্লগার এবং সেলিব্রিটিদের অংশ নেওয়ার কথা রয়েছে। যুদ্ধপন্থী কৌতুক অভিনেতা মিখাইল গালুস্তিয়ান অনুষ্ঠানটির প্রচারণা চালাচ্ছেন।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মস্কোতে অনুষ্ঠিত 'সবকিছু বিজয়ের জন্য!' শীর্ষক ফোরামে ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্যদের সামনে পুতিনকে গালুস্তিয়ান বলেন, অনুষ্ঠানটি "আমাদের মাতৃভূমির সবচেয়ে সুন্দর স্থানগুলোতে" ধারণ করা হবে এবং এটি হবে "যারা আগ্রহী, তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ এবং দক্ষতা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ"।
এর জবাবে পুতিন বলেন, "শুভকামনা। প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।"
রুশ প্রেসিডেন্ট সম্ভবত আশা করছেন, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তরুণ ও আগ্রহী ড্রোন পরিচালকদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানটির ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন তরুণ রুশ নাগরিকদের ড্রোন ইউনিটে নিয়োগের জন্য প্রচারণা আরও বিস্তৃত করা হচ্ছে। ক্রেমলিন চলতি বছর ২৫০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
স্বাধীন রুশ সংবাদপত্র নিষিদ্ধ হওয়ার পর এর সাবেক কর্মীদের দ্বারা রাশিয়ার বাইরে থেকে পরিচালিত সংবাদমাধ্যম নোভায়া গেজেটা ইউরোপ-এর তথ্য অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি নার্সারিগুলোতেও "ড্রোন শিক্ষা" কার্যক্রমের জন্য রাশিয়া প্রায় ১৬ বিলিয়ন রুবল (প্রায় ১৫ কোটি ১০ লাখ পাউন্ড) ব্যয় করেছে।
স্বাধীন সংবাদমাধ্যম ফারিডেইলির উদ্ধৃত সূত্র অনুযায়ী, রুশ কর্মকর্তারা যুদ্ধ প্রচেষ্টায় প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে—অর্থাৎ মোট শিক্ষার্থীর প্রায় ২ শতাংশ—যুক্ত করার লক্ষ্য নিয়েছেন।
অনুষ্ঠানটি রাশিয়ার কেন্দ্রীয় টেলিভিশন চ্যানেল টিএনটিতে সম্প্রচার করা হবে, যে চ্যানেলটি মূলত তরুণ দর্শকদের লক্ষ্য করে পরিচালিত হয়। তবে অনুষ্ঠানটি কবে সম্প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
মিখাইল গালুস্তিয়ান টিএনটিতে সম্প্রচারিত স্কেচ কমেডি ও তাৎক্ষণিক অভিনয়ের অনুষ্ঠান কেভিএন-এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি রসিকতা করে বলেন, তিনি নিজেও ড্রোন চালানোর এই অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন, তবে তিনি অনুষ্ঠানটির উপস্থাপক হয়েই সন্তুষ্ট থাকছেন।
পুতিনকে কেভিএনের একজন বড় ভক্ত হিসেবে মনে করা হয় এবং তিনি এর রেকর্ডিং অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটির বিভিন্ন কৌতুকাংশে পুতিনকে অত্যন্ত প্রশংসনীয়ভাবে উপস্থাপন করা হয়, যেখানে তাকে পশ্চিমা দেশগুলোর অদক্ষ নেতাদের চেয়ে বেশি বুদ্ধিমান হিসেবে দেখানো হয়।
ডোনাল্ড ট্রাম্প, রমজান কাদিরভ এবং আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও এসব কৌতুকাংশে ইতিবাচকভাবে তুলে ধরা হয়।
যদিও রুশ প্রেসিডেন্ট অনুষ্ঠানটির প্রশংসা করেছেন, তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরকারি প্রতিবেদনের সঙ্গে ভিন্ন অবস্থান নেওয়া রাশিয়ার কিছু সামরিক ব্লগার এটি ভালোভাবে গ্রহণ করেননি।
টেলিগ্রাম চ্যানেল 'হোয়েন দ্য ক্যানন বিগ্যান টু সিং'-এ বলা হয়েছে, "এই মুহূর্তে এসব ড্রোনের কারণে বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছে: বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে এবং তেল শোধনাগারগুলোতে আগুন জ্বলছে।"
এই অনুষ্ঠানটির নাম একটি ভিডিও গেমের নামের সঙ্গেও মিলে যায়—'ব্যাটল অব দ্য ড্রোনস: ইউক্রেন'। রাশিয়ার স্বাধীন গণমাধ্যমগুলোর দাবি, এই ভিডিও গেমটি কিশোরদের সামরিক সংশ্লিষ্ট কাজে আকৃষ্ট করার একটি প্রচারণার সঙ্গে যুক্ত।
রুশ স্বাধীন সংবাদমাধ্যম টি-ইনভারিয়েন্টের তথ্য অনুযায়ী, শাহেদ ধরনের আক্রমণাত্মক ড্রোন সংযোজন শেখানোর জন্য কিশোরদের নিয়োগ দেওয়া কারিগরি প্রতিষ্ঠান আলাবুগা পলিটেক ভিডিও গেমটির প্রচার করে এবং তরুণদের জাতীয় পর্যায়ের ড্রোন পরিচালনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য এটি ব্যবহার করতে উৎসাহিত করে।
এই কারিগরি প্রতিষ্ঠানটি তাতারস্তানের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কারখানা রয়েছে।
স্ট্যালিন'স ফ্যালকনস নামের একটি সহযোগী প্রকল্পের সঙ্গে যৌথভাবে আয়োজিত প্রতিষ্ঠানটির প্রতিযোগিতাগুলো সম্ভাবনাময় দক্ষ ড্রোন পরিচালকদের খুঁজে বের করতে ব্যবহার করা হয়।
গত বছরের এপ্রিল এবং চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে আয়োজিত "ড্রোন-কন" প্রতিযোগিতাগুলোতে সর্বোচ্চ ১৮ মিলিয়ন রুবল (প্রায় ১ লাখ ৭০ হাজার পাউন্ড) পর্যন্ত পুরস্কারের অর্থ রাখা হয়েছিল।
